কুমিল্লার বরুড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই দুই শিশু হলো জুনাইরা আক্তার ও তাসলিমা আক্তার। তারা কাছিয়াপুকুরিয়া গ্রামের কৃষক জসীম উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর সন্তান। এই দম্পতির আর কোনো সন্তান নেই। তবে জসীম উদ্দিনের প্রথম স্ত্রীর সংসারে দুই ছেলে আছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল দুই শিশু। একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছেকাজী নাজমুল হক, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে যমজ দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। পরে স্বজনেরা মরদেহ নিয়ে যান।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক আজ দুপুরে বলেন, পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।