মাগুরায় ঘুষ নেওয়ার জন্য হয়রানি, দুই কাস্টমস কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাজস্ব কর্মকর্তা মো. বাহারুল ইসলাম ভূঁইয়া (বাঁয়ে) ও সহকারী রাজস্ব কর্মকর্তা মুহাম্মাদ আল-মনছুর
ছবি: সংগৃহীত

মাগুরায় ঘুষ নেওয়ার জন্য একটি ওষুধ কোম্পানির লোকজনকে হয়রানি করার অভিযোগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার যশোর ভ্যাট কমিশনারেট কার্যালয়ের কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত আদেশে তাঁদের বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন রাজস্ব কর্মকর্তা মো. বাহারুল ইসলাম ভূঁইয়া ও সহকারী রাজস্ব কর্মকর্তা মুহাম্মাদ আল-মনছুর। মাগুরা কার্যালয়ে কর্মরত থাকতে তাঁদের দুজনের বিরুদ্ধে ৮ ফেব্রুয়ারি একটি অভিযোগ করেছিলেন মাগুরা সদর উপজেলার ইছাখাদা এলাকার ‘ভিশন ড্রাগস লিমিটেডের’ একজন কর্মকর্তা। অভিযোগের পরপরই বাহারুলকে চুয়াডাঙ্গা ও আল-মনছুরকে মেহেরপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে বদলি করা হয়।

যশোর ভ্যাট কমিশনারেট কার্যালয়ের একজন অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে তিনজনের একটি কমিটি ওই অভিযোগের তদন্ত করে। গত সোমবার তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে চারটি অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। অভিযোগগুলো হলো এখতিয়ারবহির্ভূতভাবে প্রতিষ্ঠানের গাড়ি আটক ও হয়রানি; ভুয়া কেস নথি তৈরি করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা; বিভাগীয় কর্মকর্তার কক্ষে তাঁর অনুপস্থিতিতে অননুমোদিত প্রবেশ এবং একই প্রতিষ্ঠানের গাড়ি পুনরায় অননুমোদিত আটক ও হয়রানি।

কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, ওই দুই কর্মকর্তা মাগুরায় কর্মরত থাকতে সরকারের ন্যায়সংগত কর আদায় না করে ভিশন ড্রাগস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ভয়ভীতি প্রদর্শন করেছেন, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী অসদাচরণের শামিল ও শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

মাগুরার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের বিভাগীয় কর্মকর্তা মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, দাপ্তরিক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন তাঁরা। অভিযোগ পাওয়ার পরপরই ৯ ফেব্রুয়ারি অভিযুক্ত রাজস্ব কর্মকর্তা মো. বাহারুল ইসলাম ভূঁইয়াকে চুয়াডাঙ্গা এবং সহকারী রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ আল-মনছুরকে মেহেরপুর জেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ার পর তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ৮ ফেব্রুয়ারি ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর কার্যালয়ের কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন ভিশন ড্রাগস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু হাসান। অভিযোগে বলা হয়, গত ৯ জানুয়ারি ওই দুই কর্মকর্তা ভিশন ড্রাগস লিমিটেডের একটি পণ্যবাহী গাড়ি আটক করেন। তাঁরা চালকের কাছ থেকে গাড়ির চাবি ও ফোন ছিনিয়ে নেন। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ওই দুই রাজস্ব কর্মকর্তা দুজন সেপাই নিয়ে ভিশন ড্রাগস লিমিটেডে যান এবং অভিযানের বিষয়ে কাউকে না জানাতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে হুমকি দেন। পরদিন সকালে আবার তাঁরা ওই প্রতিষ্ঠানে যান। তখন ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যানসহ কয়েকজনের স্বাক্ষর নেন এবং এক কোটি টাকা ঘুষ দাবি করেন।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তার কার্যালয়, মাগুরা

অভিযোগে উল্লেখ করা হয়, টাকা দিতে অপারগতা প্রকাশ করলে কোম্পানির কর্মকর্তাদের ব্যবহৃত সোনার চেইন, আংটি ও কার্যালয়ে রক্ষিত দুই লাখ টাকা জোরপূর্বক নিয়ে যান ওই দুই কর্মকর্তা। একই সঙ্গে ভিশনের কর্মকর্তাদের ভ্যাট কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এসব টাকা দিতে হবে জানিয়ে একটি ভুয়া মামলার কপি ধরিয়ে দেন তাঁরা। ঘুষের টাকা না দিলে সব পরিচালককে জেলের ভাত খাওয়ানোর হুমকিও দেওয়া হয়। পরে ১৯, ২৬ ও ২৯ জানুয়ারি ওই দুই কর্মকর্তাকে ২০ লাখ টাকা ঘুষ দেওয়ার কথা উল্লেখ করা হয় অভিযোগে।

অবশ্য কমিশনারের আদেশে অর্থ লেনদেনের বিষয়ে কিছু উল্লেখ নেই। বিষয়টি জানতে বুধবার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর কার্যালয়ের কমিশনার মো. মোয়াজ্জেম হোসেনের মুঠোফোনে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি। এ বিষয়ে ভিশন ড্রাগস লিমিটেড কর্তৃপক্ষও এখন মুখ খুলছে না। বিষয়টি জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। আর পরিচালক আহসান হাবীব মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালকই বিস্তারিত জানেন।