
কমিউনিটি ক্লিনিকের নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় আড়াই বছর আগে। ভবনও হস্তান্তর করা হয়েছে। রোগীদের বিনা মূল্যে দেওয়ার জন্য ভবনের ভেতরে রাখা হয়েছে ওষুধ; কিন্তু এখনো চালু হয়নি পাইকপাড়া কমিউনিটি ক্লিনিকটি। এ কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়া এলাকার পাঁচ হাজারের বেশি মানুষ।
স্বাস্থ্য বিভাগ বলছে, জনবলসংকটের কারণে ক্লিনিকটি চালু করা যাচ্ছে না। স্থানীয় মানুষের দাবি, এলাকার অসহায় ও গরিব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত ক্লিনিকটি চালু করা প্রয়োজন।
দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন প্রথম আলোকে বলেন, উপজেলা সমন্বয় কমিটির সভায় একাধিকবার ক্লিনিকটি চালুর বিষয়টি তিনি তুলে ধরেছেন; কিন্তু এখনো সেটি চালু করা যায়নি।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩–২৪ অর্থবছরে বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়া এলাকায় কমিউনিটি ক্লিনিক নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। ৩৫ লাখ ৫৭ হাজার ৮১৮ টাকা চুক্তিমূল্যে চার কক্ষের একতলা ভবন নির্মাণের কাজ পায় যশোরের মনিরামপুর উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শ্যামল ট্রেডিং। ২০২৪ সালের ১১ মার্চ কার্যাদেশ পেয়ে নির্মাণকাজ শুরু করেন ঠিকাদার। একই বছরের ৬ জুন কাজ শেষ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে ভবনটি হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান। তিন দিন পর ৯ জুন ভবনটি বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরূপ জ্যোতি ঘোষের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক বলেন, ক্লিনিকটি চালু করার দায়িত্ব স্বাস্থ্য বিভাগের।
৮ শতক জমির ওপর নির্মিত ক্লিনিক ভবনটির বিভিন্ন স্থানে জমেছে ধুলাবালি। ভবনের আশপাশে জন্মেছে নানা আগাছা। নষ্ট হচ্ছে ভবনের বিভিন্ন উপকরণ।
পাইকপাড়া গ্রামের বাসিন্দা মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ময়লা-আবর্জনা জমে ভবনটির অবস্থা খুব খারাপ হচ্ছে। তিন-চার মাস আগে কিছু ওষুধ এনে ভবনটির ভেতরে রাখতে দেখেছেন; কিন্তু ক্লিনিকটি চালু হচ্ছে না। ক্লিনিকটি চালু হলে এলাকার গরিব ও অসহায় মানুষের অনেক উপকার হতো।
গত বুধবার পাইকপাড়ায় সরেজমিনে দেখা যায়, পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে গেছে চিত্রা নদী। বিল জলেশ্বরের ভেতর দিয়ে আসা নদীটি পাইকপাড়া গ্রামে প্রবেশ করেছে। কিছু দূর এগিয়ে চিত্রা নদী আমচকা বাঁক নিয়ে উত্তরমুখী হয়েছে। নদীর এই বাঁকে নির্মিত হয়েছে কমিউনিটি ক্লিনিক। ভবনে ওঠার সিঁড়ির দুই পাশে রয়েছে স্টিলের রেলিং। ধুলার পুরু স্তর জমে থাকা সিঁড়ি পেরিয়ে বারান্দায় উঠতেই চোখে পড়ে দরজায় ঝুলে থাকা তালা। বারান্দায় জমেছে ধুলাবালি। ছাদের বিভিন্ন স্থানে ঝুলছে মাকড়সার জাল। ভবনের জানালা ও দরজাগুলোয় ধুলা জমে অনেকটা বিবর্ণ হয়ে গেছে। ভবনের চারপাশ ভরে গেছে আগাছায়।
স্থানীয় লোকজন জানান, নির্মাণকাজ শেষ হওয়ার পর ভবনটিতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছিল। তবে কয়েক মাস আগে বৈদ্যুতিক মিটার খুলে নেওয়া হয়েছে। ভবনটি অব্যবহৃত পড়ে থাকায় ধীরে ধীরে এর অবস্থা খারাপ হচ্ছে। শুধু শিশুদের টিকা দেওয়ার দিন স্বাস্থ্য বিভাগের একজন কর্মী এসে তালা খুলে ঘরগুলো পরিষ্কার করেন। এরপর সেখানে শিশুদের টিকা দেওয়া হয়। বাকি দিনগুলোয় কমিউনিটি ক্লিনিকটিতে তালা ঝুলতে থাকে। স্বাস্থ্য বিভাগের কেউ খোঁজ নিতেও আসেন না।
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কমিউনিটি ক্লিনিকে তিনটি পদ রয়েছে। এগুলো হলো কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), স্বাস্থ্য সহকারী ও পরিবারকল্যাণ সহকারী। সিএইচসিপি সপ্তাহে ছয় দিন, স্বাস্থ্য সহকারী তিন দিন এবং পরিবারকল্যাণ সহকারী বাকি তিন দিন সেবা দেন। বর্তমানে দেশের কমিউনিটি ক্লিনিকগুলো পরিচালিত হচ্ছে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের আওতায়।
আগামী দু–তিন মাসের মধ্যে জনবলসংকট কাটবে বলে তাঁরা আশা করছেন। তখন ক্লিনিকটি চালু করা সম্ভব হবে।মো. মাসুদ রানা, সিভিল সার্জন, যশোর
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরূপ জ্যোতি ঘোষ প্রথম আলোকে বলেন, এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতিমধ্যে পাইকপাড়া কমিউনিটি ক্লিনিকে দুই কার্টন ওষুধ সরবরাহ করা হয়েছে। তবে লোকবল নিয়োগ না হওয়ায় ক্লিনিকটি চালু করা যাচ্ছে না। লোকবল নিয়োগের জন্য কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টকে চিঠি দেওয়া হয়েছে।
জনবল না থাকায় কমিউনিটি ক্লিনিকটি চালু করা সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করে যশোরের সিভিল সার্জন মো. মাসুদ রানা প্রথম আলোকে বলেন, আগামী দু–তিন মাসের মধ্যে জনবলসংকট কাটবে বলে তাঁরা আশা করছেন। তখন ক্লিনিকটি চালু করা সম্ভব হবে।