ঢাকার কেরানীগঞ্জে মতবিনিময় সভায় বক্তব্য দেন ঢাকা–২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে
ঢাকার কেরানীগঞ্জে মতবিনিময় সভায় বক্তব্য দেন ঢাকা–২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।  সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে

মাদকবিরোধী অপারেশনে আমি নিজে নামব: আমানউল্লাহ আমান

মাদকের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেছেন, ‘মাদক বন্ধ না হলে মাদকবিরোধী অপারেশনে আমি নিজে নামব। আমি যা বলছি তা করছি, তা–ই করব আমি।’

আজ সোমবার বেলা ১১টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা পর্যায়ের ও সংসদীয় ঢাকা-২ আসনের আওতাধীন সংশ্লিষ্ট সব সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় আমানউল্লাহ আমান এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এই সংসদ সদস্য জানান, ১২ ফেব্রুয়ারি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে জয়লাভ করায় সৃষ্টিকর্তা ও জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এখন জনগণের প্রত্যাশা অনুযায়ী কেরানীগঞ্জকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত ও ভূমি দখলমুক্ত করা হবে। ফসলি ভূমি দখল করে বালু ফেলে অবৈধ স্থাপনা নির্মাণের মতো কাজ আর চলবে না।

ওসির উপস্থিতিতে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী টিপু ও কাউছারের নাম উল্লেখ করে আমানউল্লাহ আমান বলেন, ‘গত শুক্রবার জুমার নামাজ আদায় করে বের হওয়ার পর মুসল্লিরা আমাকে জানান, এ এলাকা মাদকে সয়লাব হয়ে গেছে। টিপু ও কাউছারের নেতৃত্বে এলাকায় মাদক বিক্রি ও সাপ্লাই হয়। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি থানার ওসি সাহেবকে অবগত করি। তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নেন। পরবর্তী সময়ে জানতে পেরেছি তাঁরা ধরা পড়েননি, তাঁরা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। শিগগিরই তাঁরাসহ অন্য মাদক ব্যবসায়ীদের ধরতে হবে।’

মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু ও চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়ে আমানউল্লাহ আমান জানান, ঢাকা-২ আসনে কোনো মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু ও চাঁদাবাজ থাকতে পারবে না। মাদক ব্যবসায়ী ও সেবনকারী দুজনকেই ধরতে হবে। তিনি বলেন, ‘যদি কেউ আমাদের দলীয় নাম ব্যবহার করে অপকর্ম করে তাহলে তাঁকে আগে ধরবেন। কোনো ধরনের, মার্সি ও ক্ষমা করা যাবে না। মহান আল্লাহর পর জনগণ সব ক্ষমতার উৎস। জনগণের সেবা করাই আমাদের দায়িত্ব। প্রয়োজনে আমি ও আমার ছেলে ব্যারিস্টার অমি (ইরফান ইবনে আমান অমি) এলাকায় এলাকায় ঘুরব।’

ঢাকা-২ আসনের সংসদ সদস্য জানান, শিশুদের জন্য খেলার মাঠ নির্মাণ করতে হবে, যাতে তারা সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে। এ ছাড়া শিক্ষাব্যবস্থাকেও ঢেলে সাজাতে হবে। কেননা শিক্ষা জাতির মেরুদণ্ড। কেরানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জয়নগর মাঠ এলাকা থেকে খাল খনন শুরু করার কথা উল্লেখ করে তিনি বলেন, জলাবদ্ধতা দূর করতে খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এলাকার পুকুরগুলো মাছ চাষের আওতায় আনা হবে।

জননিরাপত্তা নিশ্চিতে এবং জনভোগান্তি রোধে দ্রুত বেশ কিছু কাজ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাগিদ দেন আমানউল্লাহ আমান। তিনি বলেন, জনসাধারণের চলাচলের নিরাপত্তায় সড়কে ল্যাম্পপোস্ট স্থাপন করতে হবে। বিভিন্ন সড়কের যেখানে ম্যানহোলের ঢাকনা খোলা রয়েছে সেগুলো লাগাতে হবে। এ ছাড়া বেশ কিছু ছোট-বড় সেতুর রেলিং আগামী তিন মাসের মধ্যে মেরামত করতে হবে। যানজট নিরসনে আটিবাজার, কলাতিয়া বাজার, রোহিতপুর, কোনাখোলা ও খোলামোড়া সার্বক্ষণিক ট্রাফিক পুলিশের ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, ‘জনগণ যেই প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করব। তাঁদের প্রত্যাশা পূরণে আমরা শ্রমিকের মতো কাজ করব, সেবকের মতো কাজ করব।’

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কেরানীগঞ্জ মডেল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি প্রমুখ।