নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার মামলায় গ্রেপ্তার সাত আসামির আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে আদালত চত্বরে
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার মামলায় গ্রেপ্তার সাত আসামির আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে আদালত চত্বরে

নরসিংদীতে কিশেরীকে ধর্ষণ ও হত্যা মামলার সাত আসামি ৮ দিনের রিমান্ডে

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর কিশোরীকে হত্যার মামলায় গ্রেপ্তার সাত আসামির আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার বেলা সোয়া ১১টার পর মামলার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করে নরসিংদী আদালতের পরিদর্শক সফি উদ্দিন বলেন, রিমান্ড শুনানির সময় প্রধান আসামি নূর মোহাম্মদ ওরফে নূরাসহ গ্রেপ্তার সাত আসামিকে আদালতে তোলা হয়। আদালতে রিমান্ড শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি।

গত বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মধ্যবর্তী একটি শর্ষেখেত থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। ওই রাতেই ৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে মাধবদী থানায় মামলা করেন ওই কিশোরীর মা। এ পর্যন্ত এজাহারভুক্ত ৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সাত আসামি হলেন নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮), এবাদুল্লাহ (৪০), হযরত আলী (৪০), মো. গাফফার (৩৭), আহাম্মদ আলী দেওয়ান (৬৫), ইমরান দেওয়ান (৩২) ও মো. আইয়ুব (৩০)। আহম্মদ আলী দেওয়ান মহিষাশুড়া ইউপির সাবেক সদস্য ও সদ্য বহিষ্কৃত ইউনিয়ন বিএনপির সহসভাপতি। এজাহারভুক্ত আসামিদের মধ্যে এখনো পলাতক ইছহাক ওরফে ইছা (৪০) ও আবু তাহের (৫০)।

জানতে চাইলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘আমরা ৭ আসামির ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে প্রত্যেকের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’ তিনি আরও বলেন, আসামিদের পর্যায়ক্রমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আজ শুরু হবে কিশোরীকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত চারজনের জিজ্ঞাসাবাদ।