বিএনপি নেতা আবদুস সালাম
বিএনপি নেতা আবদুস সালাম

সংসদ নির্বাচনে মনোয়নবঞ্চিত বিএনপি নেতা এম এ সালাম হলেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক মো. আবদুস সালাম (এম এ সালাম)। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করলে আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘আমাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন দায়িত্ব সততা ও স্বচ্ছতার সঙ্গে পালন করব।’ আগামীকাল রোববার নতুন পদে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন বলে জানিয়েছেন।

স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট কর্তৃক আবদুস সালামকে যোগদানের পর থেকে পরবর্তী তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিএনপির সূত্রে জানা গেছে, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন আবদুস সালাম। তবে এ আসনে দলটি মনোনয়ন দেয় যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিককে। এম এ মালিক ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন।

এ ছাড়া আসনটির আরেক গুরুত্বপূর্ণ মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীকে গত ২২ ফেব্রুয়ারি সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।

আবদুস সালামের রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছে জেলা বিএনপি। সংগঠনের সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ব্যারিস্টার আবদুস সালাম একজন দক্ষ, অভিজ্ঞ ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সার্বিক সাফল্য কামনা করা হয় বিবৃতিতে।