
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে নৌকার ইঞ্জিনের সঙ্গে গলায় জড়ানো কাপড় পেঁচিয়ে জেলাল উদ্দিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার জোগারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। জেলাল উপজেলার মধ্য উড়িয়া গ্রামের আবদুর রহমানের ছেলে।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলাল উদ্দিন কয়েক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। এ সমস্যার কারণে তিনি গলায় একটি কাপড় জড়িয়ে ছিলেন। আজ সকালে গরুর ঘাস কাটতে ইঞ্জিনচালিত ছোট নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদ ধরে কালাসোনারচর গ্রামের উদ্দেশে রওনা দেন। নদের মাঝখানে পৌঁছালে অসাবধানবশত গলায় জড়ানো কাপড় নৌকার ইঞ্জিনের চাকায় পেঁচিয়ে যায়। এ সময় শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই জেলালের মৃত্যু হয়। সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজন নদীর ধারে নৌকায় ভাসমান অবস্থায় তাঁকে দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী বলেন, ব্রহ্মপুত্র নদে ঘাস কাটতে গিয়ে জেলাল উদ্দিনের মৃত্যু হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।