নোয়াখালীতে মাছের খামারে লুটের চেষ্টা, বাড়িতে গিয়ে হত্যার হুমকির অভিযোগ

নোয়াখালী জেলার মানচিত্র
নোয়াখালী জেলার মানচিত্র

নোয়াখালীর চাটখিলের রামনারায়ণপুর ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামে একটি মাছের খামারে সেচ দিয়ে মাছ লুটের চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। আজ বৃহস্পতিবার ভোরে গ্রামের নুর হোসেনের মাছের খামারে এ ঘটনা ঘটে। মাছ লুটে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা বাড়িতে গিয়ে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন নুর হোসেন।

নুর হোসেন প্রথম আলোকে বলেন, কয়েক মাস আগে তিনিসহ বৈকন্ঠপুর গ্রামের কয়েকজন পুলিশ সুপারের কার্যালয়ে ক্ষমতাশীন দলের নামধারী স্থানীয় একদল সন্ত্রাসীর নানা অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগ করার পর তাঁদের ওপর সন্ত্রাসীদের অত্যাচার আরও বেড়ে গেছে।

নুর হোসেনের অভিযোগ, অত্যাচারের ধারবাহিকতায় গতকাল বুধবার দিবাগত রাতে সন্ত্রাসীরা তাঁর একটি মাছের খামারে বৈদ্যুতিক পাম্প বসিয়ে সেচ দিয়ে মাছ লুটের চেষ্টা করেন। ভোরে তিনি গিয়ে ঘটনাটি দেখার পর স্থানীয় রামনারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হারুন অর রশিদ ওরফে বাহারকে অবহিত করেন। পরে চেয়ারম্যানের পরামর্শে তিনি পাম্পটি খুলে চৌকিদারের মাধ্যমে ইউপি কার্যালয়ে জমা দেন।

নুর হোসেন অভিযোগ করেন, পাম্প খুলে নিয়ে আসার পর কয়েকজন তাঁর বাড়িতে গিয়ে তাঁকে ও পরিবারের সদস্যদের গুলি করে হত্যার হুমকি দিয়ে আসেন। এতে ভীত-সন্ত্রস্ত হয়ে তিনি তাঁর স্ত্রীকে নিয়ে বর্তমানে বাড়ির বাইরে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে আছেন। আগের ঘটনায় পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় মাছ লুটের চেষ্টার ঘটনাটি তিনি থানায় জানাননি বলে উল্লেখ করেন নুর হোসেন।

ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, মাছের খামার থেকে মাছ লুটের চেষ্টার ঘটনাটি সকালে নুর হোসেন তাঁকে জানিয়েছেন। তিনি পাম্পটি খুলে পরিষদে জমা রাখার পরামর্শ দিয়েছেন। এরপর নুর হোসেন আর তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। নুর হোসেনের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে একই এলাকার মেহরাজ হোসেন ওরফে হৃদয়কে তিনি পরিষদে ডেকেছেন। কিন্তু তিনি আসেননি।

চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, এলাকার চিহ্নিত কিছু ব্যক্তির এসব অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তিনি এর আগেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা চেয়েছেন।