আন্তর্জাতিক গণিত চ্যালেঞ্জে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থীর কৃতিত্ব

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
 ফাইল ছবি

আন্তর্জাতিক গণিত চ্যালেঞ্জ-২২ প্রতিযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৯ শিক্ষার্থী সিলভার ও ব্রোঞ্জ পদক পেয়েছেন। এর মধ্যে দুজন সিলভার পদক এবং সাতজন ব্রোঞ্জ পদক পেয়েছেন।

গতকাল বুধবার রাতে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান। তিনি আন্তর্জাতিক ম্যাথ চ্যালেঞ্জ ২২-এর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।

সিলভার পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রুহুল আমিন ও ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. রায়হান আহমেদ। ব্রোঞ্জ পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ওয়াসেক আল আজাদ, রায়হান ইকবাল, শুভ পাল, নাজমুন নাহার, আবু শহীদ সালমান, মিনহাজ আহমেদ ও হাবিবুর রহমান।

শাবিপ্রবির গণিত বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিবছর আন্তর্জাতিক গণিত চ্যালেঞ্জের আয়োজন করে আন্তর্জাতিক ইয়ুথ গণিত চ্যালেঞ্জ একটি আন্তর্জাতিক সংগঠন। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের অ্যাম্বাসেডর আবু নাসের শাহ মো. মারুফ আহমেদের তত্ত্বাবধানে সর্বমোট ৩৫ জন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ১৫ জন। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৯ জন শিক্ষার্থী বিজয়ী হন।

এস এম সাইদুর রহমান বলেন, প্রতিবছর অনলাইনে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। মূলত একজন সুপারভাইজারের অধীনে স্থানীয়ভাবে পরীক্ষা নেওয়া হয়। ১৩ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় বিদ্যালয়ের গণিত বিভাগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় অনলাইনে ২০ মিনিটে ২০টি প্রশ্নের সমাধান করতে হয়েছে পরীক্ষার্থীদের। গতকাল ই–মেইলের মাধ্যমে আন্তর্জাতিক ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ কমিটি এ ফলাফল প্রকাশ করেছে।

প্রসঙ্গত, এবারের আন্তর্জাতিক গণিত চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ৯৮টি দেশের সাড়ে ৫ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এতে সুপারভাইজার হিসেবে ছিলেন ১ হাজার ৩০০ জন শিক্ষক। প্রথম দুই রাউন্ড শেষে ফাইনালে মোট ১ হাজার ৮০০ শিক্ষার্থী উত্তীর্ণ হন। ফাইনালে প্রত্যেক প্রতিযোগীর জন্য ২০টি প্রশ্ন নির্ধারিত ছিল। প্রত্যেক প্রশ্নের জন্য ১ পয়েন্ট নির্ধারিত হয়। এ থেকে সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদক দেওয়া হয়।