
রাজবাড়ীর গোয়ালন্দে প্রায় ২৭ কেজি ওজনের একটি বাঘাড় মাছ বিক্রি হয়েছে। আজ রোববার সকালে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট বাজারে নিলামের মাধ্যমে মাছটি চান্দু মোল্লা নামের স্থানীয় এক মাছ ব্যবসায়ী ৩৫ হাজার টাকায় কিনে নেন। এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে স্থানীয় জেলেদের জালে মাছটি ধরা পড়ে।
বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২–এর তফসিল (২) অনুযায়ী, বাঘাড় মাছ সংরক্ষিত বন্য প্রাণী। বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঘাড় মাছ তফসিলভুক্ত সংরক্ষিত বন্য প্রাণী। আইন অনুযায়ী, এই মাছ শিকার, ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী, বাঘাড় মাছ মহাবিপন্ন প্রাণী।
স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে রাজবাড়ী সদর উপজেলার বহরপুর এলাকার জেলে নুরাল বিশ্বাসসহ আরও কয়েকজন জেলে পদ্মা নদীতে মাছ ধরতে যান। জাল ফেলতে ফেলতে তাঁরা রাজবাড়ী সদরের গুদারবাজার এলাকা থেকে গোয়ালন্দের দিকে আসছিলেন। শেষ রাতের দিকে তাদের জালে বড় একটি বাঘাড় ধরা পড়ে। আজ সকালে নুরাল বিশ্বাস মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট মাছ বাজারের কেছমত মোল্লার আড়তে নিয়ে আসেন। এ সময় প্রকাশ্যে নিলামে চান্দু মোল্লা মাছটি কিনে নেন।
চান্দু মোল্লা বলেন, ‘মাছটি সকালে কেছমত মোল্লার ঘরে আনা হলে সেখানে নিলামে তোলা হয়। এ সময় ডিজিটাল মিটারে ওজন দিয়ে দেখতে পাই, বাগাড়টির ওজন হয়েছে প্রায় ২৭ কেজি। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নিই। মাছটি বর্তমানে ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। কেজিপ্রতি ১০০ টাকা করে লাভ পেলেই মাছটি বিক্রি করে দেওয়া হবে।’
বাঘাড় মাছ শিকার বা বিক্রি দণ্ডনীয় অপরাধ হলেও এই আইনের বিষয়ে জানেন না মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মোহাম্মদ শাহরিয়ার জামান বলেন, ‘নির্দিষ্ট সময় পর্যন্ত ছোট বাঘাড় মাছ ধরা যাবে না। তবে বড় বাঘাড় মাছ ধরা বা খাওয়ার ক্ষেত্রে কোনো বারণ নেই। বাঘাড় মাছ শিকারে নিষেধাজ্ঞা বা খাওয়ার ক্ষেত্রে বারণ রয়েছে, এমন কোনো নির্দেশনাও আমরা এখন পর্যন্ত পাইনি। যে কারণে এ ব্যাপারে আমরা বিশেষ কোনো অভিযান চালাচ্ছি না।’
বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের বিষয়ে প্রচার–প্রচারণা কম থাকায় বিষয়টি হয়তো অনেকেই জানেন না বলে মনে করেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস। তিনি বলেন, বাঘাড় মাছ শিকার ও ক্রয়–বিক্রয় বন্ধের আইনের ব্যাপারে মৎস অধিদপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে প্রচার-প্রচারণা কম থাকায় হয়তো বিষয়টি মাঠ পর্যায়ে পৌঁছায়নি। গোয়ালন্দসহ অন্যান্য এলাকার মৎস্য কর্মকর্তাদের মঙ্গে এ বিষয়ে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাঘাড় মাছ শিকার ও বিক্রি বন্ধের বিষয়ে প্রশাসনের অভিযানের নজির আছে। গতকাল সকালে রাজধানীর কারওয়ান বাজারে বাঘাড় মাছ বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাছটির ওজন ছিল ৩০ কেজি। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ (ঢাকা), র্যাব-৪-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এ অর্থদণ্ড দেওয়া হয়। এর আগে গত ১০ আগস্ট মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ওই বাজারে বাগাড় মাছ বিক্রি করায় এক মাছ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।