যশোর শহরে দেশীয় ‘অস্ত্র তৈরির’ কারখানার সন্ধান, তিন ‘কারিগর’ আটক

যশোর শহরের রাঙামাটি গ্যারেজ এলাকার নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামের একটি লেদ কারখানায় অভিযান চালিয়ে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ
ছবি: প্রথম আলো

যশোর শহরে অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের রাঙামাটি গ্যারেজ এলাকার নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামের একটি লেদ কারখানায় অভিযান চালিয়ে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় কারখানার তিন অস্ত্র তৈরির কারিগরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন আবদুল কুদ্দুস, আজিজুল ইসলাম ও সুমন। তাঁদের বাড়ি যশোর সদর উপজেলায়।

অভিযান নিয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাংবাদিকদের ব্রিফিং করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন। সেখানে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের অম্বিকা বসু লেনে অবস্থিত রাঙামাটি গ্যারেজ এলাকার নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালায় ডিবি পুলিশ।

সেখান থেকে পাঁচটি তৈরি করা দেশীয় অস্ত্র, পাঁটি গুলি, আটটি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র তৈরির তিন কারিগরকে আটক করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও কারখানা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার, কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন প্রথম আলোকে বলেন, ওই কারখানায় অস্ত্র তৈরি করে ব্যবসা করা হয়। এ বিষয় মামলার প্রস্তুতি চলছে।