পলাশে বাড়ির উঠান থেকে দিনমজুরের হাত-মুখ বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

নরসিংদীর পলাশে নিজ বাড়ি থেকে এক দিনমজুরের হাত-মুখ বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রামের বাড়ির উঠান থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত একটার পর কোনো একসময় দিনমজুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নিহত ব্যক্তির স্বজনেরা।

ওই দিনমজুরের নাম মনির হোসেন (৪০)। তিনি পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। মনির হোসেনের লাশের পাশ থেকে তাঁর স্ত্রী কোহিনূর বেগমের ওড়না পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কোহিনূরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পলাশ থানা–পুলিশ।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাত একটার দিকে মনির হোসেন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তিনি মুঠোফোনে কল পেয়ে বাড়ির বাইরে যান। এরপর মনির আর বাড়িতে ফেরেননি। আজ মনিরের বাবা জামাল উদ্দিন ফজরের নামাজ পড়ার জন্য ঘরের বাইরে বের হন। এ সময় তিনি উঠানের দরজার সামনে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ছেলের গলাকাটা লাশ দেখতে পান। পরে তাঁর চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও আশপাশের বাড়িঘরের লোকজন ছুটে আসেন।

স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পলাশ থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনির হোসেনের লাশ উদ্ধার করে। এ সময় সুরতহাল প্রতিবেদন তৈরির পর তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মনির হোসেনের স্ত্রী কোহিনূর বেগম সাংবাদিকদের বলেন, মুঠোফোনে কথা বলে মনির তাঁর (কোহিনূর) ওড়না কাঁধে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে যান। তবে তাঁর স্বামীকে কে কল দিয়েছিল, সেটা তিনি জানেন না।

কোহিনূর বেগম আরও বলেন, ‘গভীর রাতে ঘর থেকে বের হচ্ছিল, আমি তাঁকে না করেছিলাম। বলেছিলাম, “এত রাতে বাইরে যাওয়ার দরকার নেই।” আমার কথা না শুনে বাইরে যাওয়াই তাঁর কাল হলো। আমার নিরীহ স্বামীকে যারা এত নির্মমভাবে হত্যা করেছে, তাদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।’

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ বলেন, কে বা কারা রাতে কল করে মনির হোসেনকে ঘর থেকে বের করে হত্যা করেছে, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।