নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আসমা সুলতানা আশরাফ ও তাঁর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও মোড়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অসিত সরকারের কর্মী-সমর্থকেরা এই হামলা চালান বলে অভিযোগ।
হামলায় আসমা সুলতানাসহ তাঁর তিন কর্মী মো. ফারুক আলী (৩০), মো. আনিস মিয়া (২৮) ও ইউসুফ হোসেন (২৬) আহত হয়েছেন। আসমা সুলতানা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কৃষক পার্টির আহ্বায়ক। তিনি প্রজাপতি প্রতীকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে তিনি জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য ছিলেন।
আসমা সুলতানা আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, গতকাল কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় তিনি নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। রাত পৌনে আটটার দিকে তিনি রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও মোড়ে একটি চায়ের দোকানের সামনে বসে কর্মী-সমর্থকদের নিয়ে চা পান করছিলেন। তাঁকে দেখে কয়েকজন ভোটার এগিয়ে আসলে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর লোকজন অতর্কিত হামলা চালায়। এতে তিনিসহ তাঁর তিন কর্মী আহত হন। পরে তিনি জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে পুলিশ এসে উদ্ধার করে। পরে আহত ব্যক্তিরা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
আওয়ামী লীগের প্রার্থী অসিত সরকার আনারস প্রতীকে নির্বাচন করছেন। তিনি আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য। হামলার বিষয়ে জানাতে চাইলে অসিত সরকার বলেন, ‘আমার কোন কর্মী-সমর্থক আসমা সুলতানা ও তাঁর কর্মীদের ওপর কোনো ধরনের হামলা করেনি। খোঁজ নিয়ে যতটুকু শুনেছি, ওই প্রার্থী কয়েকজন ভোটারকে রাতে ডেকে এনে কয়েক হাজার করে টাকা হাতে গুঁজে দিচ্ছিলেন। এ সময় আসমা আশরাফের লোকজনই নিজেদের মধ্যে টাকার ভাগাভাগি নিয়ে হট্টগোল শুরু করে। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে ও নির্বাচনে আমার সুনাম নষ্ট করতে তিনি এখন আমার কর্মী-সমর্থকদের ওপর দোষ চাপাচ্ছেন।’
কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম বলেন, গতকাল রাতে ৯৯৯ থেকে ফোন পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। পরে সেখান থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করেন। তবে ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের কাউকে পাননি।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নিশাত তাসনিম বলেন, গতকাল রাতে আসমাসহ চারজন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে ভর্তি হওয়া রোগীরা গুরুতর আহত হননি।