সীতাকুণ্ডে গৃহবধূকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

ধর্ষণ
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গোসলের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে আবদুল্লাহ আল মামুন (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোর রাতে আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।

আবদুল্লাহ আল মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বাসিন্দা। এর আগে গত ৩০ আগস্ট গ্রেপ্তার আবদুল্লাহ আল মামুনকে প্রধান আসামি করে আরও তিনজনের নাম উল্লেখ করে আদালতে একটি ধর্ষণের মামলা করেন ওই ভুক্তভোগী নারী।

মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নাছরুল্লাহ প্রথম আলোকে বলেন, মামলার এজাহারে ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণের কথা উল্লেখ রয়েছে। বিষয়টি তিনি তদন্ত করছেন। কিন্তু এখন সমস্যা হয়েছে মামলায় উল্লেখিত সময়ে ওই নারী সন্তান জন্ম দিয়েছে। এখন সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ সংগ্রহ করছেন তাঁরা। পিতৃপরিচয়ের পাশাপাশি ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।