
জামালপুরের মেলান্দহ উপজেলায় বন্ধুদের সঙ্গে বিলে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার রৌমারী বিলে সে নিখোঁজ হয়। আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।
নিখোঁজ কিশোরের নাম মেহেদী ফুহাদ হাসান (১৬)। সে জামালপুর পৌর শহরের জিগাতলা এলাকার শাজাহান সিরাজের ছেলে। মেহেদী শহরের বেলটিয়া উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
নিখোঁজ কিশোরের বড় ভাই মহসিন কাকন প্রথম আলোকে বলেন, তাঁর ছোট ভাই গতকাল জুম্মার নামাজ পড়েছে। বাসায় দুপুরের খাবার খেয়ে বিকেলে বন্ধুদের সঙ্গে বিলে ঘুরতে যায়। পরে বন্ধুদের সঙ্গে বিলে গোসলে নেমে মেহেদী নিখোঁজ হয়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিলে গোসলে নেমে মেহেদীসহ তার বন্ধুরা ডুব-সাঁতর কাটছিল। এ সময় অন্য বন্ধুরা পাড়ে উঠলেও মেহেদী ডুবে যায়। খবর পেয়ে মেলান্দহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল রাত ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। আজ সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ ও ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে ওই কিশোরের কোনো সন্ধান মেলেনি। আজও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়েছে, তবে ওই কিশোরের কোনো খোঁজ পাওয়া যায়নি।