ওসমানীনগরে ৫ দিন ধরে মাদ্রাসাছাত্র নিখোঁজ

‌নিখোঁজ মাদ্রাসাছাত্র আ‌মিরুল ইসলাম
ছবি: প্রথম আলো

সিলেটের ওসমানীনগরে পাঁচ দিন ধরে আমিরুল ইসলাম (১৬) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ রয়েছে। আমিরুল ইসলাম ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের কিয়ামপুর গ্রামের খাইরুল ইসলামের (৪০) ছেলে। সে উপজেলার উমরপুর টাইটেল মাদ্রাসায় আবাসিক ছাত্র ছিল। ওই ছাত্র হিজরতের নামে ঘর ছেড়েছে, নাকি অপহরণের শিকার হয়েছে, তা উদ্‌ঘাটনের চেষ্টা করছে পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, ৭ অক্টোবর আমিরুল বাড়িতে আসার পর দুদিন অবস্থান করে ৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়। এর পর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় আমিরুলের বাবা খাইরুল ইসলাম গতকাল বুধবার ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আমিরুল নিখোঁজের পর একটি মুঠোফোন নম্বর থেকে একাধিকবার যোগাযোগ করে একবার নেত্রকোনা, আরেকবার সিলেট নগরের লালবাজার এলাকায় আমিরুল আছে বলে জানায়।

খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছেলে নিখোঁজের পর একটি মুঠোফোন নম্বর থেকে একাধিকবার যোগাযোগ করে টাকা দাবি করছে। ওই নম্বর থেকে পরিচয় গোপন করে এক ব্যক্তি একবার নেত্রকোনা, আরেকবার সিলেট নগরের লালবাজার এলাকায় ছেলে রয়েছে বলে জানায়। তবে ছেলের সঙ্গে কথা বলতে দিচ্ছে না। প্রথম দফায় ছেলের মায়ের মুঠোফোন নম্বরে ফোন দিয়ে এক হাজার টাকা নিয়েছে। এখন আরও টাকা দাবি করছে। বিষয়গুলো পুলিশকে জানানো হয়েছে।

খাইরুল ইসলাম বলেন, তাঁর তিন ছেলের মধ্যে আমিরুল সবার বড়। অন্য দুই ছেলের মধ্যে একজন ষষ্ঠ শ্রেণিতে এবং আরেকজন চতুর্থ শ্রেণিতে পড়ে। আমিরুল আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করে মাসে একবার বাড়িতে এসে কদিন থাকে। গত ৭ অক্টোবরও বাড়িতে এসে দুই দিন পর ফিরেছিল। এরপর মাদ্রাসায় খোঁজ নেওয়ার পর জানা গেছে, সে আর মাদ্রাসায় যায়নি।

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাঈন উদ্দিন বলেন, নিখোঁজ ওই মাদ্রাসাছাত্রের সন্ধানে নেমেছে পুলিশ।

এর আগে ওসমানীনগর উপজেলার দয়ামীর গ্রামের চার তরুণ তাবলিগের কথা বলে গত বছরের ১৫ নভেম্বর বাড়ি ছেড়েছিলেন। এর পর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন। এর প্রায় এক বছর পর নতুন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে হিজরতের নামে ঘরছাড়া ৩৮ জনের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা র‍্যাব গত সোমবার ঢাকায় সংবাদ সম্মেলনে প্রকাশ করেছে। সেখানে ওসমানীনগরের এই চার তরুণের নামও আছে। উপজেলায় এ নিয়ে আলোচনার মধ্যেই মাদ্রাসার আরেক শিক্ষার্থী নিখোঁজ হলো।