চিঠি পাঠিয়ে উত্তরের আশায় ডাকপিয়নের পথ চেয়ে বসে থাকার দিন অনেক আগেই ফুরিয়েছে।

‘আজ তোমার চিঠি যদি না পেলাম হায়, নাকি ভেবে নেব ডাকপিয়নের অসুখ হয়েছে’ জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের বিখ্যাত এ গানের কথার মতো এখন আর কেউ হয়তো প্রিয় মানুষের চিঠির অপেক্ষায় থাকে না। চিঠি পাঠিয়ে উত্তরের আশায় ডাকপিয়নের পথ চেয়ে বসে থাকার দিনও বুঝি অনেক আগেই ফুরিয়েছে। সিলেট নগরের ডাকবাক্সগুলোর (লেটারবক্স) দিকে তাকালে এ ‘সত্য’ আরও বেশি বোঝা যাবে।
ডাক বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট নগরের ১৮টি ডাকবাক্স আছে। এর মধ্যে পাঁচটি ঝুলন্ত ডাকবাক্স। এসব ডাকবাক্সে গড়ে প্রতিদিন ২০০ থেকে ২৫০টি চিঠি জমা হয়। তবে এর বাইরে প্রধান ডাকঘরের কাউন্টারে প্রতিদিন গড়ে ১ হাজার ৫০০ রেজিস্ট্রি, জিপি ও ইএমএফ চিঠি বুকিং হয়ে থাকে। এ ছাড়া ডাক বিভাগের পিয়নরা প্রতিদিন গড়ে ৫০০ সাধারণ ও রেজিস্ট্রি চিঠি বিলি করে থাকেন।
* চিঠির জায়গা দখল করেছে এসএমএস, ফেসবুক, টুইটারসহ অনেক প্রযুক্তি। * প্রযুক্তিনির্ভর হওয়ায় চিঠির নির্ভরশীলতা কমে গেছে।
কবি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কবিতা ‘রানার’-এর ‘কত চিঠি লেখে লোকেÑ/ কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখ ও শোকে।’ পঙ্ক্তিগুলোর উদ্ধৃতি দিয়ে নাট্যসংগঠক আনোয়ার হোসেন বলেন, স্মৃতি, প্রেম-আবেগ, সুখ-দুঃখ এখনো আছে মানুষের। তবে অন্যকে তা জানানোর ভাষা ও মাধ্যম বদলে দিয়েছে প্রযুক্তি।
চিঠির ব্যবহার কমে যাওয়া প্রসঙ্গে গবেষক ও ব্যাংক কর্মকর্তা পার্থ তালুকদার বলেন, ‘এখন চিঠির জায়গা দখল করেছে এসএমএস, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ই-মেইলসহ আরও অনেক প্রযুক্তি। জীবনযাপন প্রযুক্তিনির্ভর হওয়ায় চিঠির মাধ্যমে যোগাযোগের বিষয়টিতে নির্ভরশীলতা কমে গেছে। ফলে এখন ডাকবাক্সে কেউ চিঠি খুব একটা ফেলে না। এ ছাড়া দিন পাল্টেছে। চিঠির কদরও কমেছে।
সিলেটের প্রধান ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মুহাম্মদ আবদুল্লাহ বলেন, চিঠি ডাকবাক্সে পড়ুক বা না পড়ুক, নিয়মিত ডাকবাক্স খোলা হয়।