বাউফলে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, বাবা–ছেলে গুরুতর আহত

বদুল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
ছবি: প্রথম আলো

পটুয়াখালীর বাউফলে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার চরমিয়াজান এলাকায় তেঁতুলিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় নৌকায় থাকা মো. স্বপন ব্যাপারী (৪০) ও তাঁর ছেলে মো. আবদুল্লাহ (১৩) লঞ্চের নিচে চলে যান। এ সময় লঞ্চের পাখার আঘাত লেগে স্বপন ও তাঁর ছেলে গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় জেলেরা বাবা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আবদুল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিমদী লঞ্চঘাটের ইজারাদার ও জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে তেঁতুলিয়া নদীর চরমিয়াজান এলাকায় জাল ফেলে স্বপন ও আবদুল্লাহ নৌকায় বসে অপেক্ষা করছিলেন। এদিকে ঢাকা থেকে পায়রা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা জামাল-৮ লঞ্চটি রাত পৌনে তিনটার দিকে ওই নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে গেলে স্বপন ও আবদুল্লাহ লঞ্চের নিচে চলে যান। এ সময় লঞ্চের নিচে ঘুরতে থাকা পাখার সঙ্গে লেগে আবদুল্লাহ ও স্বপনের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে স্থানীয় জেলেরা ঘটনাস্থলে এসে আহত দুজনকে উদ্ধার করেন।

আহত স্বপন কাঁদতে কাঁদতে বলেন, ‘তলিয়ে যাওয়ার পর উইটকা (উঠে) আমার বাবারে (আবদুল্লাহ) খুঁজছিলাম। একপর্যায়ে আবদুল্লার কান্না শুনতে পাই। আমি সাতরাইয়া যাইয়া আমার বাবারে হাতের ওপর ভাসাইয়া রাখি, আর বাঁচাও বাঁচাও বলে ডাক দেই। অন্য জাইল্লারা (জেলে) আইয়া আমাগো বাপ-ছেলেরে উদ্ধার করে।’

জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম বলেন, আবদুল্লাহর ডান হাতে ও দুই পায়ে রক্তাক্ত জখম রয়েছে। এর মধ্যে ডান পায়ের হাঁটুর ওপরের হাড় ভেঙে একাধিক টুকরা হয়েছে। এটা খুবই গুরুতর। তাই তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে। আবদুল্লাহর বাবা মাথায় আঘাত পেয়েছেন।

এ বিষয়ে জানতে লঞ্চের সুপারভাইজার মো. আবদুল কাদেরের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি।

জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, দুর্ঘটনার বিষয়ে তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।