সময়ের মুখ

এসএসসি পরীক্ষায় বসতে বড় ছেলের কাছে পড়েছি

এবারের এসএসসি পরীক্ষায় কয়েকজন ব্যক্তি উত্তীর্ণ হয়েছেন, যাঁরা বয়সের দিক দিয়ে যুবক অথবা প্রবীণ। তাঁদের একজন শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের লঙ্গরপাড়া গ্রামের আবুল কালাম আজাদ। এই ব্যক্তি ৬৭ বছর বয়সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন এবং জিপিএ-২.৯৫ পেয়ে পাস করেন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন দেবাশীষ সাহা রায়।

আবুল কালাম আজাদ
আবুল কালাম আজাদ
প্রশ্ন

এই বয়সে এসে পরীক্ষায় বসার ইচ্ছে হলো কেন?

আবুল কালাম আজাদ: ছোটবেলা থেকেই আমার পড়ালেখার প্রতি ভীষণ দুর্বলতা। কিন্তু পারিবারিক ও আর্থিক সংকটের কারণে মাত্র দশম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করতে পেরেছিলাম। এটি আমাকে সব সময় পীড়া দিয়েছে। সেই পীড়া দূর করতেই এসএসসি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিই।

প্রশ্ন

পরীক্ষার হলে ঢোকার পর কেমন লাগত?

আবুল কালাম আজাদ: প্রথম পরীক্ষার দিন আমার মনে হলো, আমি যেন তরুণ বয়সে ফিরে গেছি।

প্রশ্ন

অন্য পরীক্ষার্থীরা কিছু বলেছে?

আবুল কালাম আজাদ: পরীক্ষাকক্ষে প্রবেশের পর দেখি অন্য পরীক্ষার্থীরা সবাই তরুণ। আমি চিন্তা করছিলাম আমাকে দেখে তাঁরা কোনো ধরনের নেতিবাচক মন্তব্য করেন কি না। কিন্তু তেমনটি হয়নি। এতে আমার খুব ভালো লেগেছে এবং আমি স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিয়েছি।

প্রশ্ন

পরিবারের সদস্যরা আপনার পরীক্ষায় বসা নিয়ে কী মনোভাব দেখিয়েছেন?

আবুল কালাম আজাদ: আমার তিন ছেলে। আমি তাদের শিক্ষিত করেছি। আমার বেশি পড়ালেখা করতে না পারার দুঃখটি ছেলেরা জানত। তাই তারা আমাকে ভীষণভাবে উৎসাহ দিয়েছে।

প্রশ্ন

পড়াশোনায় কারও সহায়তা নিয়েছেন?

আবুল কালাম আজাদ: আমার বড় ছেলে মো. শামসুদ্দিন একটি মাদ্রাসার ইংরেজির শিক্ষক। সে আমাকে পড়িয়েছে।

প্রশ্ন

আপনার প্রিয় বিষয় কোনটি?

আবুল কালাম আজাদ: ইংরেজি। ছেলের কাছ থেকে ইংরেজি রপ্ত করেছি।

প্রশ্ন

আপনি উত্তীর্ণ হয়েছেন। এখন কেমন লাগছে?

আবুল কালাম আজাদ: ভীষণ ভালো। নিজেকে এখন বৃদ্ধ বলে মনেই হয় না।

প্রশ্ন

আপনি পাস করার পর গ্রামের মানুষ কিছু বলেছেন?

আবুল কালাম আজাদ: তাঁরা খুব খুশি। ইউনিয়ন পরিষদ থেকে আমাকে সংবর্ধনা দেওয়ার কথা জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁর কার্যালয়ে ডেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রশ্ন

আরও পড়াশোনা করবেন?

আবুল কালাম আজাদ: অবশ্যই। আমার ইচ্ছা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসিতে পড়া এবং পরে স্নাতক ডিগ্রি অর্জন।

প্রশ্ন

আপনি অবসর সময়ে কী করেন?

আবুল কালাম আজাদ: আমার অবসর সময় বলতে কিছু নেই। যখনই সুযোগ পাই, তখনই সংবাদপত্র পড়ি। সাহিত্যচর্চা ও লেখালেখি নিয়ে ব্যস্ত থাকি। আমি ৮ হাজার কবিতা, গান, ছোটগল্প, উপন্যাস ও রম্যরচনা লিখেছি।

প্রশ্ন

বয়স্ক শিক্ষা নিয়ে আপনি কী বলবেন?

আবুল কালাম আজাদ: শিক্ষা আর জ্ঞানার্জনের জন্য বয়স কোনো বাধা নয়। প্রয়োজন শুধু ইচ্ছাশক্তি। সুশিক্ষা মানুষের জীবন ও মনকে উন্নত করে। কুসংস্কার থেকে মুক্ত রাখে। তাই অর্থাভাবে বা পারিবারিক যেকোনো সংকটের কারণে যাঁরা ছাত্রজীবনে পড়ালেখা করতে পারেননি, বয়স হলেও তাঁদের পড়ালেখা করার অনুরোধ জানাই।