জামিন নিয়ে বেরিয়ে আদালত চত্বরেই মৃত্যু

গাইবান্ধা জেলার মানচিত্র
গাইবান্ধা জেলার মানচিত্র

গাইবান্ধায় আদালত চত্বরে অসুস্থ হয়ে এক আসামি মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে একটি মামলায় জামিন নিয়ে বের হওয়ার পর আদালত চত্বরে লুটিয়ে পড়ে তাঁর মৃত্যু হয়। তাহের মামুদ (৫৪) নামের ওই ব্যক্তি সাঘাটা উপজেলার পবনতাইড় গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আগেই থেকেই শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

আদালত পুলিশ সূত্রে জানা গেছে, তাহের মামুদের বিরুদ্ধে ২০১৪ সালের ৫ জুলাই মারামারির ঘটনায় সাঘাটা থানায় একটি মামলা হয়। মামলায় তিনিসহ আরও চারজন আসামি ছিলেন। গত ২২ জুলাই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সে জন্য গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে তাহের মামুদসহ চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের সবাইকে জেলা জজ আদালতে হাজির করা হয়।

তাহের মামুদের ছেলে ফারুক ও সাদ্দাম মিয়া জানান, ছয় মাস ধরে তাঁদের বাবা অসুস্থ ছিলেন। গতকাল রাতে গ্রেপ্তারের সময় পুলিশের কাছে তাঁরা অনুরোধ করেছিলেন, বাবাকে যেন তখনই গ্রেপ্তার না করা হয়। আজ দুপুরে আদালত থেকে জামিন নিয়ে বের হওয়ার পরই তাঁদের বাবা মারা যান।

তাহের মামুদের আইনজীবী মাজেদুল ইসলাম প্রধান জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে তাহের মামুদসহ চারজনের জামিন মঞ্জুর করেন বিচারক। জামিনের ১০-১৫ মিনিট পরই তাহের মামুদের মৃত্যুর বিষয়টি জানতে পারেন তিনি।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহাবুব হোসেন প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই তাহের মামুদের মৃত্যু হয়।