
সিলেট-৪ আসনের অন্তর্ভুক্ত তিনটি উপজেলায় যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন হয়েছে। এসব প্রকল্পের আওতায় গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় ১১টি সেতুর পাশাপাশি ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ করা হবে।
আজ বুধবার সন্ধ্যায় শ্রম এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। সিলেট-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, আজ সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয়। বেলা সোয়া একটায় বৈঠক শেষ হয়। এর আগে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
আরিফুল হক চৌধুরী জানান, সড়কে সেতু নির্মাণ প্রকল্পের অধীন গোয়াইনঘাটে ৮টি ও কোম্পানীগঞ্জে ৩টি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর নির্বাচনী এলাকার তিনটি উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য ৪২৩ কোটি ১০ লাখ টাকার প্রকল্পও অনুমোদিত হয়েছে।
জানা গেছে, অনুমোদিত প্রকল্পের মধ্যে গোয়াইনঘাটে ১৩৯ দশমিক ৫০ কোটি টাকা, কোম্পানীগঞ্জে ১৫০ দশমিক ৭৫ কোটি টাকা এবং জৈন্তাপুরে ১৩২ দশমিক ৮৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সিলেটের অবকাঠামো উন্নয়নে বিশাল বরাদ্দ অনুমোদন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের অধীন জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে বর্তমানে আরও ৫২০ কোটি টাকা বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন। শ্রমমন্ত্রী জানান, তাঁর সংসদীয় আসনের তিন উপজেলায় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীন আরও ৪৯ দশমিক ৮২ কোটি টাকার সরকারি আদেশ (জিও) জারি করা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীর বরাদ্দ থেকে সিলেট-৪ আসনে আরও ৫০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নসংক্রান্ত প্রকল্প প্রক্রিয়াধীন।
এদিকে আজ বিকেলে এক ভিডিও বার্তায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, একনেকে সিলেট বিভাগের সড়ক উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় ভিডিও বার্তায় বাণিজ্যমন্ত্রী সুরমা নদীর সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন অংশে নতুন সেতু নির্মাণ এবং আগামী ফেব্রুয়ারির মধ্যেই সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চালু হওয়ার আগাম ঘোষণা দেন।