তাড়াশে সড়ক দুর্ঘটনায় এক কৃষক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. মাহালম হোসেন (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। উপজেলার বারুহাঁস-রানীরহাট আঞ্চলিক সড়কের সান্দ্রা এলাকায় আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

মাহালম উপজেলার বারুহাঁস ইউনিয়নের সান্দ্রা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয় বারুহাঁস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ময়নুল হক বলেন, সকাল ৯টার দিকে সান্দ্রা গ্রামের কৃষক মো. মাহালম হোসেন বাজার করার জন্য অটোরিকশায় চড়ে বারুহাঁস বাজারে যাচ্ছিলেন। পথে সান্দ্রা এলাকার মোড়ে দ্রুতগামী একটি ট্রলির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।