
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের ক্যানটিনে বসাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে তিন দফা মারামারির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মতিহার হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশে ও পরিবহন মার্কেটের আমতলায় এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের অনুসারী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাকিবুল হাসান ওরফে বাকির অনুসারী নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাকিবুল হাসান ওরফে বাকিকে মারধর করে ক্যাম্পাসছাড়া করেছেন শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির নেতা-কর্মীরা।
মারামারিতে জড়ানো নেতা-কর্মীরা হলেন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভাস্কর সাহা, আশিকুর রহমান; সাংগঠনিক সম্পাদক কাবিরুজ্জামান; হল ছাত্রলীগের নেতা ডালিম মির্জা, আকাশ, সোহাগ, লাবিব প্রমুখ। তাঁরা সবাই সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের অনুসারী। অন্য পক্ষে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা সাকিবুল হাসান ও তাঁর অনুসারী জাহিদ, রিফাত, হাবিব প্রমুখ।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের ক্যানটিনে বসাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। দুপুরে মতিহার হলের ক্যানটিনে খাবার খেতে একটি আসনে বসেন জাহিদ নামের ছাত্রলীগের এক কর্মী। কিছুক্ষণ পর শান্ত নামের ছাত্রলীগের আরেক কর্মী এসে জাহিদকে উঠতে বলেন এবং তিনি আগে ওই আসনে বসছিলেন বলে দাবি করেন। জাহিদ তাঁকে অন্য আসনে বসতে বললে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে জাহিদ তাঁর বন্ধু রিফাতের ১২৯ নম্বর কক্ষে অবস্থান নিলে শান্ত ছাত্রলীগের কয়েকজন কর্মী নিয়ে দরজায় লাথি মারতে থাকেন। বিষয়টি মীমাংসার কথা বলে আরও কয়েকজন কর্মীকে নিয়ে ওই কক্ষে ঢোকেন ছাত্রলীগের নেতা ভাস্কর সাহা। তাঁরা ওই কক্ষে থাকা জাহিদ ও রিফাতকে সাবেক নেতা সাকিবুল হাসানের সম্মেলন করায় মারধর করেন। এ ছাড়া তাঁদের হলছাড়া করার হুমকি দেন।
সূত্র জানায়, মারধরের শিকার জাহিদ ও রিফাত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এবং সাকিবুল হাসানের অনুসারী। অন্যদিকে ছাত্রলীগের কর্মী শান্ত শাখা ছাত্রলীগের সাধারণ আসাদুল্লা-হিল-গালিবের অনুসারী। পরে এ ঘটনাকে কেন্দ্র করে বিকেল চারটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশে ভাস্কর সাহাকে মারধর করেন সাকিবুল হাসানের অনুসারীরা। বিকেল পাঁচটার দিকে পরিবহন মার্কেটে আসেন সাকিবুল হাসান ও তাঁর কয়েকজন অনুসারী। এ সময় সাকিবুল হাসান ও তাঁর অনুসারীদের ওপর অতর্কিতে হামলা করেন অভিযুক্ত ছাত্রলীগ নেতারা। এ সময় বেধড়ক মারধরের শিকার হয়ে সাকিবুল হাসানসহ তাঁর অনুসারীরা ক্যাম্পাস ত্যাগ করেন।
জানতে চাইলে সাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, হলে তাঁর অনুসারীদের মারধর করার কথা শুনে তিনি পরিবহন মার্কেটে আসেন। এ সময় তাঁর সঙ্গে কয়েকজন নেতা-কর্মী ছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ তাঁদের ওপর হামলা করা হয়। এতে তিনিসহ ৮–১০ জন কর্মী আহত হন। তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে যাচ্ছেন।
অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা ভাস্কর সাহা বলেন, জাহিদ ও রিফাতের সঙ্গে শান্তর একটু ঝামেলা হয়েছিল। বিষয়টা সমাধানের জন্য তিনি তাদের একটি কক্ষে নিয়েছিলেন। সেখানে মারধরের কোনো ঘটনা ঘটেনি। তিনি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি সমাধানের জন্য ডেকে এনেছিলেন। কিন্তু তাঁরা (অন্য পক্ষ) সমাধানে না গিয়ে বাকির নেতৃত্বে পরিবহন মার্কেটে জড়ো হন। তিনি সেখানে যাওয়া মাত্র বাকি ও তাঁর অনুসারীরা তাঁকে মারতে আসেন। পরে কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন।
এ ব্যাপারে কথা বলতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ওরফে বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের মুঠোফোনে একাধিকবার কল করলেও তাঁরা ধরেননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের দুই পক্ষকে ডেকে বিষয়টি শুনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রক্টরিয়াল বডির সদস্যরা তৎপর আছেন বলে তিনি জানান।