
সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের (৬২) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। আজ বিকেলে দ্বিতীয় জানাজা শেষে ঢাকার বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করার কথা রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ এ্যানী রহমান মারা যান। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে সেখানে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন। গত বুধবার রাতে তাঁর মরদেহ ব্যাংকক থেকে উড়োজাহাজে করে ঢাকায় নিয়ে আসা হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে শেখ এ্যানীর মরদেহ পিরোজপুরে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে মরদেহ আবার হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে। আজ বাদ আসর ঢাকায় দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।
পিরোজপুর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত জানাজায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, শেখ এ্যানী রহমানের স্বামী শেখ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
শেখ এ্যানী রহমান একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৯ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ছিলেন। তাঁর স্বামী শেখ হাফিজুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাত ভাই। শেখ এ্যানী রহমানের বাবা প্রয়াত এনায়েত হোসেন খান বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য এবং পিরোজপুর মহাকুমা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।