
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গরুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে পুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ীর নাম রাসেল মিয়া। তিনি কুমিল্লার লাকসাম সদরের বাসিন্দা। নিহত আরেকজন ট্রাকচালকের সহকারী। তাৎক্ষণিকভাবে তাঁর নাম জানা যায়নি।
অন্যদিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন গরুবোঝাই ট্রাকটির চালক। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই দুটি গরু মারা যায়। এ ছাড়া ১২টি গরুর পা ভেঙেছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার পুলিশ জানায়, বিক্রির জন্য বগুড়া থেকে ১৮টি গরু কিনে কুমিল্লার লাকসামের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী রাসেল মিয়া। গরুবোঝাই ট্রাকটি পুটিয়া এলাকায় পৌঁছালে সামনে থাকা চট্টগ্রামগামী আরেকটি ট্রাক হঠাৎ ব্রেক করে।
ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয় গরুবোঝাই ট্রাকটি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায় ট্রাক দুটি। ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী রাসেল মিয়া ও চালকের সহকারীর মৃত্যু হয়। পরে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসক সুমাইয়া আক্তার।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা বলেন, দুজনের লাশ ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে। আহত ট্রাকচালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।