
কুষ্টিয়ায় দিনদুপুরে বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তবে তাকে এখনো আটক করতে পারেনি। তার বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর বাড়িতে তালা দিয়ে পরিবারের সদস্যরা চলে গেছেন। এদিকে ওই ঘটনার পর শহরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বাসার সামনে ওই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা হয়। সে শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুল থেকে নির্বাচনী পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় এক কিশোর পেছন থেকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার শরীরের অন্তত ছয়টি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সে আপাতত শঙ্কামুক্ত।
পুলিশ সূত্রে জানা গেছে, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনার পর জেলা পুলিশ শহরে সাঁড়াশি অভিযান শুরু করেছে। কিশোর গ্যাংবিরোধী এই অভিযানে সন্ধ্যা সাতটা পর্যন্ত এক ঘণ্টায় ১৪ জনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুষ্টিয়া পৌরসভার পুকুরপাড় থেকে তাদের আটক করা হয়। এরপর পুলিশের সদস্যরা জেলা পরিষদের রবীন্দ্র লালন উদ্যান পার্কে অভিযান চালায়। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরের (অপ্রাপ্তবয়স্ক হওয়ায় নাম–পরিচয় প্রকাশ করা হলো না) বাড়িতেও অভিযান চালিয়েছে পুলিশ। তার বাড়ি কুষ্টিয়া পৌরসভার পূর্ব মজমপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোরেরা দুই ভাই। তার বাবা ও বড় ভাই প্রবাসে থাকেন। ওই কিশোর মায়ের সঙ্গে বাড়িতে থাকে। ঘটনার পর বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে গেছে তারা। পুলিশ বলছে, ওই কিশোর একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দিতে বলা হয়েছে। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। অভিযুক্ত কিশোরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
প্রণব কুমার সরকার আরও বলেন, মেয়েটির সঙ্গে এখনো কথা বলা সম্ভব হয়নি। পরিবারও ঘটনার বিষয়ে কিছু বলতে পারছে না। মেয়েটি একটু সুস্থ বা স্বাভাবিক হলে মঙ্গলবার নারী পুলিশ সদস্যদের মাধ্যমে কথা বলা হবে।
ওই ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রথম আলোকে বলেন, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের খবর পাওয়ার পরপরই তিনি হাসপাতালে গিয়ে দেখা করেছেন। নিয়মিত খোঁজখবর রাখছেন। কয়েকজন অভিভাবক যোগাযোগ করেছিলেন, তাঁরা প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করবেন। মঙ্গলবার স্কুলে গিয়ে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।