উড়োজাহাজে ঢাকা যাওয়ার পথে কক্সবাজারে ১১ রোহিঙ্গা আটক

উড়োজাহাজে ঢাকায় যাওয়ার চেষ্টা করার সময় কক্সবাজার বিমানবন্দরে ১১ রোহিঙ্গাকে আটক করে এপিবিএন। আজ মঙ্গলবার তোলা ছবি: প্রথম আলো
উড়োজাহাজে ঢাকায় যাওয়ার চেষ্টা করার সময় কক্সবাজার বিমানবন্দরে ১১ রোহিঙ্গাকে আটক করে এপিবিএন। আজ মঙ্গলবার তোলা ছবি: প্রথম আলো

আশ্রয়শিবির থেকে কৌশলে পালিয়ে এসে উড়োজাহাজে ঢাকা যাওয়ার সময় কক্সবাজার বিমানবন্দর থেকে টাকাসহ ১১ জন রোহিঙ্গা আটক হয়েছে। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে বিমানবন্দরের কনকোর্স হল থেকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাঁদের আটক করে।

এপিবিএন বলছে, আশ্রয়শিবির থেকে মধ্যপ্রাচ্যের কোনো দেশে পাচারের জন্য দালাল চক্র এই রোহিঙ্গাদের ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে সন্দেহ করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৮ এপিবিএন–এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন প্রথম আলোকে বলেন, আটক রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করছেন এপিবিএন কর্মকর্তারা। রোহিঙ্গারা কার মাধ্যমে আশ্রয়শিবির থেকে বেরিয়ে কক্সবাজার পর্যন্ত এসেছেন, উড়োজাহাজের টিকিট কে করে দিয়েছেন, তাঁরা কোথায় যাচ্ছিলেন, সেসব জানার চেষ্টা করা হচ্ছে। এরপর আটক রোহিঙ্গাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে মামলা করা হবে।

আটক রোহিঙ্গারা হলেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১৭–এর ৭২ নম্বর  ব্লকের বাসিন্দা মৃত নজরুলের ছেলে মো. নূর, আবু তাহেরের ছেলে নুর মোহাম্মদ, ক্যাম্প-২–এর আই ব্লকের বাসিন্দা আবুল কাশেমের ছেলে মো. আয়াজ, ক্যাম্প–২৬–এর আই ব্লকের বাসিন্দা মৃত লাল মিয়ার ছেলে আবদুল হক ও আবদুর শুক্কুরের ছেলে রবি আলম ও তাঁর ভাই আবু বক্কার ছিদ্দিক, একই ক্যাম্পের এ-১০ ব্লকের নুর আলমের ছেলে ওসমান গণী, ক্যাম্প-১৭–এর ৭২ ব্লকের বাসিন্দা মৃত সলিমুল্লার ছেলে রেজাউল করিম, ক্যাম্প–৮ ইস্ট এর বি-৭৪ ব্লকের নুরুল আমিনের ছেলে মো. আজিজ, ২৬ নং ক্যাম্পের আই ব্লকের দিল মোহাম্মদের ছেলে মো. ফয়সাল এবং আব্দু শুক্কুরের মেয়ে রহিমা। সবার সময় ১৮-২৮ বছর।

এপিবিএন জানায়, এ সময় আটক রোহিঙ্গার শরীর ও ব্যাগ তল্লাশি করে ৩ লাখ ১৮ হাজার টাকা, ইউএস–বাংলার ২টি, নভোএয়ারের ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫টি টিকিট জব্দ করা হয়। এ ছাড়া  দুটি সাংবাদিকতার (অনলাইনভিত্তিক অনিবন্ধিত সংবাদমাধ্যম ‘টেকনাফ একাত্তর’ এবং ইউএন ইন্টারন্যাশনাল রোহিঙ্গা কমিউনিটি) পরিচয়পত্র ও একটি আইএফআইসি ব্যাংকের ডেবিট কার্ডও উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, বেলা তিনটার দিকে কক্সবাজার বিমানবন্দরের অভ্যন্তরে  ইউএস-বাংলা এয়ারলাইনস কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলেন এক তরুণীসহ ১১ জন রোহিঙ্গা। টিকিট ওকে হলেই রোহিঙ্গারা উড়োজাহাজে উঠে ঢাকায় পৌঁছে যেতেন। কিন্তু আচরণ সন্দেহজনক হওয়ায় রোহিঙ্গাদের প্রথমে জিজ্ঞাসাবাদ করে এবং তথ্য যাচাই–বাছাই করে নিশ্চিত হওয়ার পর ১১ রোহিঙ্গাকে আটক করে এপিবিএন।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, রাত সাড়ে ৮টায় আটক ১১ রোহিঙ্গাকে থানায় হস্তান্তর করেনি এপিবিএন।