জব্দ হওয়া সারের একাংশ। আজ বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ে
জব্দ হওয়া সারের একাংশ। আজ বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ে

চোরাই পথে মিয়ানমারে নেওয়া হচ্ছিল ৪৮ হাজার কেজি সার, চারটি ট্রাক ও একটি নৌযান জব্দ

চট্টগ্রামের মিরসরাইয়ে ৪৮ হাজার ৭৫০ কেজি ইউরিয়া সারসহ চারটি ট্রাক ও একটি মাছ ধরার নৌযান জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় তিনজনকে আটক করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের উপকূলীয় এলাকায় কোস্টগার্ড এই অভিযান চালায়।

কোস্টগার্ড জানায়, জব্দ হওয়া সার চোরাই পথে মিয়ানমারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ট্রাক থেকে নৌযানে তোলা হচ্ছিল। গোপনে বিষয়টি জানতে পেরে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় একটি ট্রাকের চালক মোহাম্মদ ইয়াসিন এবং মালামাল ওঠানামার কাজে নিয়োজিত দুই শ্রমিক মনির হোসেন ও মো. হাসনাইনকে আটক করা হয়। তবে চোরাচালানে জড়িত মূল হোতারা পালিয়ে গেছেন।

আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের চৌধুরী। একই সঙ্গে অভিযানে জব্দ হওয়া সার নিলামে বিক্রি করেন তিনি। তাঁকে সহযোগিতা করেন মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ট্রাকগুলো আমাদের জিম্মায় রেখেছি। নৌযানটি কোস্টগার্ডের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনার তদন্তে একটি কমিটি করা হবে।’

জানতে চাইলে মিরসরাই কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মিয়ানামারে পাচারের জন্য এসব সার নিয়ে যাওয়া হচ্ছিল। সাগরপথে অবৈধ চোরাচালান বন্ধে কোস্টগার্ড সজাগ রয়েছে।