সাতক্ষীরায় শীতেও ফল পেতে ড্রাগন বাগানে কৃত্রিম আলো

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বদলে যায় বাগানের দৃশ্য। জালের নিচে ঝুলে থাকা বাল্বগুলো জ্বলে ওঠে। আলোকিত হয়ে ওঠে ড্রাগনগাছের সারি।

ড্রাগন বাগানে ঢুকতেই চোখে পড়ে সারি সারি সবুজ গাছ। বাঁশ ও সিমেন্টের খুঁটির ওপর ভর করে বেড়ে উঠেছে গাছগুলো। বাগানের মাঝখান দিয়ে চলে গেছে সরু মাটির পথ। দুই পাশে ড্রাগনগাছের সারি, মাথার ওপর বিস্তৃত সুরক্ষাজাল। জালের নিচে সারি সারি ঝুলছে বৈদ্যুতিক বাল্ব। কোনো গাছে সবুজ কুঁড়ি, কোনো গাছে ঝুলছে পাকা ফল।

গত বুধবার বিকেলে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের গোয়ালচাতর গ্রামের একটি ড্রাগন বাগানে এই চিত্র দেখা যায়। বাগানের মালিক মো. মাসুম হোসেন একটি টকটকে লাল ফল কেটে দেখালেন। ভেতরে লাল শাঁসের মধ্যে ছড়িয়ে আছে অসংখ্য ছোট কালো বীজ। এক টুকরা মুখে দিতেই মিষ্টি স্বাদে ভরে উঠল মুখ। ফলের রসে হাতও লাল হয়ে গেল, যেন কেউ লাল আলতা মাখিয়ে দিয়েছেন।

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বদলে যায় বাগানের দৃশ্য। জালের নিচে ঝুলে থাকা বাল্বগুলো জ্বলে ওঠে। অন্ধকারে আলোকিত হয়ে ওঠে ড্রাগনগাছের সারি। বাগানের এই আলোকসজ্জা সৌন্দর্য বাড়ানোর জন্য নয়; শীতেও গাছে ফুল ও ফল আনতে কৃত্রিম আলোর ব্যবস্থা করেছেন মাসুম।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় বর্তমানে ২৭ হেক্টর জমিতে ড্রাগন চাষ হচ্ছে। গত বছর ড্রাগন চাষে জমির পরিমাণ ছিল ২৫ হেক্টর। হেক্টরপ্রতি গড় ফলন ১৩ দশমিক ৯৫ মেট্রিক টন। বর্তমানে জেলায় ড্রাগন চাষি রয়েছেন ১৬২ জন। কলারোয়ার কেরালকাতা ইউনিয়নে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হেক্টর জমিতে ড্রাগন চাষ হয়েছে। প্রতিবছর এ চাষ বাড়ছে।

শখ থেকে বাণিজ্যিক চাষ

কলারোয়ার কাজীরহাট এলাকায় মাসুম হোসেনের বসবাস। তাঁর বাড়ি জামালপুরে। ২০০৩ সাল থেকে কলারোয়ায় ব্যবসা করছেন তিনি। ২০১৪ সালে এই এলাকায় বিয়ে করেন। বর্তমানে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে এখানেই থাকেন। সেখানে কসমেটিকস ও স্টেশনারির ব্যবসা রয়েছে তাঁর। কৃষিকাজে আগে কোনো অভিজ্ঞতা ছিল না। তিন বছর আগে শখ থেকেই শুরু করেন ড্রাগন বাগান। প্রথমে পাঁচ বিঘা জমিতে চাষ শুরু করলেও পরে বাগানের পরিসর বাড়ান।

মাসুম হোসেন প্রথম আলোকে বলেন, শখের বশে বাগান করে বুঝেছেন, পরিচর্যার জন্য নিয়মিত শ্রমিক দরকার। কিন্তু প্রয়োজনের সময় শ্রমিক পাওয়া যায় না। তাই বাণিজ্যিকভাবে বড় বাগান করেছেন। এখন তাঁর বাগানে ১২ জন শ্রমিক নিয়মিত কাজ করেন। তাঁদের মধ্যে চারজন নারী।

১২ বিঘা জমিতে ড্রাগন চাষ করেছেন মাসুম হোসেন। তাঁর বাগানে রয়েছে তিন হাজারের বেশি খুঁটি। প্রতিটি খুঁটির সঙ্গে গড়ে ১২টি করে গাছ রয়েছে। সেই হিসাবে বাগানে গাছের সংখ্যা ৩৬ হাজার। ভিয়েতনাম, থাই ও রেড ভেলভেট জাতের ড্রাগন চাষ করছেন তিনি।

মাসুমের সঙ্গে কথা বলে জানা যায়, ড্রাগন চাষ ব্যয়বহুল। শুধু গাছ লাগিয়ে রেখে দিলে গাছ বেঁচে থাকবে, দু-একটি ফলও পাওয়া যাবে। কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করতে হলে নিয়মিত পরিচর্যা করতে হয়। প্রতি বিঘায় প্রায় সাড়ে তিন লাখ টাকা বিনিয়োগ রয়েছে তাঁর।

ফল বিক্রি করে আয় হলেও এখনো বাগানের খরচের তুলনায় আয় কম উল্লেখ করে মাসুম হোসেন বলেন, তাঁর বাগানে এখনো বিনিয়োগ চলছে। যা আয় হচ্ছে, তার চেয়ে ব্যয় বেশি হচ্ছে। আশা করছেন, আগামী বছর থেকে বিনিয়োগের খরচ উঠে আসবে।

মৌসুমভেদে ফলের দামে ওঠানামা

কলারোয়া উপজেলা কৃষি বিভাগ জানায়, ড্রাগনগাছে বছরে চার থেকে পাঁচবার ফুল আসে। এপ্রিল মাসে ফুল ও ফল আসা শুরু হয়, যা অক্টোবর পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকে। বছরে কয়েক দফায় ফল সংগ্রহ করা যায়।

এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত বাগানে বেশি ফল পাওয়া যায়। মৌসুমের শুরুতে প্রতি কেজি ড্রাগন ফল ৩২০ টাকা পর্যন্ত বিক্রি হয়। পরে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমে। তখন ভালো মানের ফল ৬০ টাকা, ছোট ও নিম্নমানের ফল ২৫ টাকা কেজিতেও বিক্রি করতে হয়।

মৌসুমের শেষ দিকে সরবরাহ কমলে ভালো মানের ফলের দাম আবার ২০০ টাকার বেশি কেজি হয়। বাগানে বিঘাপ্রতি ১২০ থেকে ১৫০ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। পাইকারেরা বাগান থেকেই ফল কিনে নিয়ে যান।

মাসুম হোসেনের ড্রাগন বাগানে বৈদ্যুতিক বাল্ব জ্বলছে। গত বুধবার বিকেলে সাতক্ষীরার কলারোয়ার গোয়ালচাতর গ্রামে

শীতে ফলন বাড়াতে কৃত্রিম আলো

মাসুমের বাগানটির বিশেষত্ব কৃত্রিম আলোর ব্যবহার। শীতকালে দিনের দৈর্ঘ্য কমে যাওয়ায় ড্রাগন গাছে ফুল আসা কমে যায়। এ সময় দিনের দৈর্ঘ্য বাড়িয়ে ফুল ও ফল পেতে বিকেল পাঁচটা থেকে রাত নয়টা এবং রাত তিনটা থেকে সকাল সাতটা পর্যন্ত বাগানে বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়।

সম্প্রতি বাগানটি পরিদর্শন করে কলারোয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি মণ্ডল প্রথম আলোকে বলেন, ড্রাগন একটি আলোকসংবেদনশীল বা ফটোসেনসিটিভ ফল। দিনের দৈর্ঘ্য প্রায় ১২ ঘণ্টা বা তার বেশি হলে গাছে ফুল আসার অনুকূল পরিবেশ তৈরি হয়।

কৃষি বিভাগ জানায়, শীতকালে ড্রাগনগাছ বিশ্রামে থাকে। এ সময় গাছ শিকড়ে শক্তি সঞ্চয় করে, যা পরবর্তী মৌসুমে ফল উৎপাদনে কাজে লাগে। কৃত্রিম আলো দিয়ে বাড়তি ফল নিতে গিয়ে গাছকে স্বাভাবিক বিশ্রাম থেকে বঞ্চিত করলে পরবর্তী মৌসুমে ফলন কমে যেতে পারে, এমনকি গাছ দুর্বলও হয়ে পড়তে পারে। তাই সঠিক পরিচর্যা, সার ও খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইকবাল আহমেদ বলেন, শীতকালে কৃত্রিম আলোর মাধ্যমে গাছের আলোকপ্রাপ্তির সময় বাড়ানো হয়। বিশ্বের বিভিন্ন দেশে এ পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। তিনি বলেন, প্রতি বিঘা জমিতে চাষ করা ড্রাগন দুই লক্ষাধিক টাকা বিক্রি করা যায়। উৎপাদন খরচ ৮০ হাজার টাকা বাদ দিলে বিঘাপ্রতি লাভ থাকে ১ লাখ ৪০ হাজার টাকার ওপরে। ভালো জাতের চারা ও উন্নত পরিচর্যা নিশ্চিত করতে পারলে একটি গাছ থেকে বছরে ২৫ থেকে ৩০ কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব।