গুলিতে ‘ডাকাত সর্দার’ সাহেব আলী নিহতের পর ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড়। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বউবাজার এলাকায়
গুলিতে ‘ডাকাত সর্দার’ সাহেব আলী নিহতের পর ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড়। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বউবাজার এলাকায়

গুলিবিদ্ধ হয়ে খালে পড়ে যাওয়ার পর ‘ডাকাত সরদার’কে আবার গুলি করে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাহেব আলী (৫০) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের বউবাজার এলাকায় তাঁকে গুলির ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর আটি ওয়াপদা এলাকায় সাহেব আলীর বাড়ি। পুলিশের তথ্যানুযায়ী, সাহেব আলী তালিকাভুক্ত শীর্ষ ডাকাত সরদার। তাঁর বিরুদ্ধে হত্যা–ডাকাতিসহ অন্তত ২০টি মামলা রয়েছে। তাঁকে ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করতে গিয়ে র‍্যাব ও পুলিশের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর থেকে সাহেব আলী পলাতক ছিলেন। শেষ পর্যন্ত নিজের সহযোগীদের ছোড়া গুলিতে সাহেব আলী নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনাস্থলের একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, বউবাজার এলাকায় কয়েকজনের মধ্যে মারামারির এক পর্যায়ে এক ব্যক্তি সাহেব আলীকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিবিদ্ধ হয়ে সাহেব আলী পাশের খালে পড়ে যান। এরপর তাঁকে লক্ষ্য করে আরও কয়েকটি গুলি ছোড়া হয়। ওই ব্যক্তির সঙ্গে আরেকজনকেও অস্ত্র হাতে দেখা যায়। গুলি ছোড়ার পর তাঁরা খালের পানিতে ইটপাটকেল নিক্ষেপ করেন।

সাহেব আলী

ভিডিওতে ঘটনাস্থলে আরও কয়েকজনকে দেখা যায়। তাঁদের কয়েকজনকে খালে পড়ে যাওয়া সাহেব আলীকে খুঁজতে দেখা যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক প্রথম আলোকে বলেন, সোমবার বিকেলে বউবাজার এলাকায় দুই ব্যক্তি এসে সাহেব আলীকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি এমদাদুল হক আরও বলেন, সাহেব আলী এসআরবি-১১ ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত সরদার ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা–ডাকাতিসহ অন্তত ২০টি মামলা রয়েছে। সহযোগীদের গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কারা তাঁকে গুলি করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়ভাবে দুই অস্ত্রধারীর নাম শোনা গেলেও যাচাই-বাছাই ছাড়া তাঁদের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।