
নেত্রকোনার মদন উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে মদন বাজারের হরি মন্দিরের কাছে এ ঘটনা ঘটে। নিহত বাবুল চন্দ্র দাস (৪০) ওই বাজারের মুদিদোকানি ছিলেন। ছুরিকাঘাতের পর তাঁর কাছ থেকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবুল চন্দ্র দাস প্রতিদিনের মতো গতকাল রোববার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির পাশে মদন হরি মন্দির থেকে ২০০ গজ দূরে পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। এরপর তারা বাবুলের কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আহত বাবুল চন্দ্র হরি মন্দিরের কাছে গিয়ে লুটিয়ে পড়েন। মন্দিরে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, বাবুল চন্দ্রের মরদেহের সুরতহালের প্রতিবেদন তৈরির পর সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।