কারাগারের দেয়াল টপকে পালিয়ে যাওয়া আসামি ইমন মাঝি
কারাগারের দেয়াল টপকে পালিয়ে যাওয়া আসামি ইমন মাঝি

খুলনায় কারাগারের দেয়াল টপকে পালিয়ে গেলেন হাজতি, বাজল পাগলা ঘণ্টা

খুলনার পুরোনো জেলা কারাগারের দেয়াল টপকে পালিয়ে গেছে ইমন মাঝি (৩০) নামের এক হাজতি। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

নগরের সোনাডাঙ্গা মডেল থানার একটি চুরি মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৩ জুন থেকে ইমন খুলনা কারাগারে ছিলেন। তাঁর পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কারাগারে জরুরি সতর্কসংকেত হিসেবে পাগলা ঘণ্টা বাজানো হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।

ইমন নগরের লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলার মোড় এলাকায় জিয়ার বাড়ির ভাড়াটে আবদুল মাঝির ছেলে।

আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন খুলনা কারাগারের সুপার আবু ছায়েম। তিনি বলেন, ইতিমধ্যে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।

জেলা কারাগার সূত্রে জানা যায়, আজ বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে আইনজীবী সমিতি–সংলগ্ন পুরোনো জেলা কারাগারের পূর্ব দিকের দেয়াল টপকে আইনজীবী সমিতির দিক থেকে পালিয়ে যান ইমন মাঝি। বিষয়টি কারাগারের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে।

কারাগারের সুপার আবু ছায়েম বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ইমন কোনো কিছুর সহযোগিতা ছাড়াই লাফিয়ে লাফিয়ে দেয়াল টপকে পালিয়ে যান। তাঁকে ধরার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। এ ঘটনার পর থেকে কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।