পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু

ডুবে যাওয়া মামাতো–ফুফাতো ভাই একজন আরেকজনের হাত ধরে ছিল

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশের ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এই দুই শিশু হলো তাওহীদ (৭) ও নাবিল (৬)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

সড়কের পাশের একটি ডোবায় একজন পড়ে যায়। তাকে টেনে তুলতে গিয়ে আরেকজনও ডুবে যায়। সড়কে চলাচলরত কয়েকজন ব্যক্তি একটি শিশুকে পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধারে এগিয়ে যান।

নাবিল মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামের মো. বজলুর রহমানের ছেলে। তাওহীদ পাশের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের মো. মাহবুবুর রহমানের ছেলে। তারা দুজনই স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করত।

দুই শিশুর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল বিকেলে নোয়াদিয়া এলাকায় সড়কে ঘুরতে বের হয়েছিল নাবিল ও তাওহীদ। সড়কের পাশের একটি ডোবায় একজন পড়ে যায়। তাকে টেনে তুলতে গিয়ে আরেকজনও ডুবে যায়। সড়কে চলাচলরত কয়েকজন ব্যক্তি একটি শিশুকে পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধারে এগিয়ে যান। এ সময় তাঁরা দেখেন, পানিতে ডুবে থাকা আরেক শিশুর হাত তার হাতে ধরা। পরে দ্রুত দুই শিশুকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, দুই শিশুর পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।