সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, রোগী ও স্বজনদের হয়রানি এবং চিকিৎসাসেবা নিতে নানা বিড়ম্বনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ সোমবার বেলা দুইটার দিকে সিলেট নগরের রেজিস্টারি মাঠ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি, জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ, সিলেট ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ ও চা শ্রমিক ইউনিয়ন মালিনীছড়ার যৌথ উদ্যোগে এ কর্মসূচি হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশের সভাপতি কাপ্তান মিয়ার সভাপতিত্বে সমাবেশে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি লোকমান আহমদসহ আয়োজক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, বৃহত্তর সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলের অসচ্ছল মানুষের চিকিৎসার অন্যতম প্রধান আশ্রয়স্থল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে রোগী ও স্বজনদের বিভিন্ন ধরনের দুর্ভোগ ও হয়রানির অভিযোগ রয়েছে।
বক্তারা অভিযোগ করেন, হাসপাতালে প্রবেশের পর রোগীদের বিভিন্ন ধাপে বিড়ম্বনায় পড়তে হয়। জরুরি বিভাগে রোগী নেওয়া, নিবন্ধন, ভর্তি, ওয়ার্ডে স্থানান্তর, পরীক্ষা-নিরীক্ষা ও লিফট ব্যবহারের ক্ষেত্রে নানা জটিলতা রয়েছে। পর্যাপ্ত ট্রলি না থাকা এবং লিফট-সংকটের কারণেও গুরুতর অসুস্থ রোগী ও তাঁদের স্বজনদের ভোগান্তি বাড়ছে।
সমাবেশ থেকে হাসপাতালের অনিয়ম-দুর্নীতি বন্ধ, রোগী ও স্বজনদের হয়রানি নিরসন, জরুরি বিভাগের সেবার পরিবেশ উন্নত করা, পর্যাপ্ত ট্রলি ও লিফটের ব্যবস্থা এবং রোগীদের নির্বিঘ্নে পরীক্ষা-নিরীক্ষা ও ওয়ার্ডে স্থানান্তরের দাবি জানানো হয়। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা কোনো রোগী বা স্বজন যেন অবহেলা ও হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করারও দাবি জানান বক্তারা।