শার্শা সীমান্তে সাতটি বন্দুক উদ্ধার, যুবক আটক

অপরাধ
প্রতীকী ছবি

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে তিনটি পিস্তল, চারটি শুটারগান, তিনটি ম্যাগজিন ও ১০টি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। গতকাল শুক্রবার রাতে শার্শা উপজেলার অগ্রভূলাট ও দৌলতপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে এসব উদ্ধার করা হয়। এ সময় এক যুবককে আটক করেছে বিজিবি।

আটক যুবকের নাম সম্রাট হোসেন (২৭)। তিনি শার্শা উপজেলার দৌলতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে খুলনা বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা শার্শা সীমান্তে অভিযান শুরু করেন। দৌলতপুর সীমান্তে সম্রাট হোসেনের গতিবিধি দেখে সন্দেহ বিজিবি সম্রাটের গতিরোধ করে। এ সময় সম্রাট তাঁর হাতে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে সম্রাটকে আটক করে। এ সময় ওই ব্যাগের ভেতর থেকে দুটি (নাইন এমএম) বিদেশি পিস্তল, দুটি দেশীয় ওয়ান শুটারগান, দুটি ম্যাগজিন ও চারটি গুলি উদ্ধার করা হয়।

এই অভিযানের আগে শার্শা উপজেলার অগ্রভূলাট সীমান্ত থেকে রাত ১০টার দিকে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় ওয়ান শুটারগান ও একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, চোরাকারবারিরা অস্ত্রগুলো ভারত থেকে দেশে আনার পর হাতবদল করছিল। তখনই অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় অস্ত্র আইনে মামলা করা হবে। ওই মামলায় আটক যুবককে গ্রেপ্তার দেখিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হবে।