পাখির প্রতি মৃত্যুঞ্জয়ের ভালোবাসা

পাখি শিকার বন্ধে গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে তিনি কুষ্টিয়া ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসেবে কর্মরত।

চুয়াডাঙ্গা শহরে পাখিদের খাবার দিচ্ছেন মৃত্যুঞ্জয় বিশ্বাস
ছবি: সংগৃহীত

সড়কে শৃঙ্খলা রক্ষা একজন ট্রাফিক সার্জেন্টের মূল দায়িত্ব। এ কাজের পাশাপাশি পাখির প্রতি ভালোবাসা থেকে বাড়তি আরও কিছু কাজ করেন বাংলাদেশ পুলিশের সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস (৩৬)। তিনি কখনো অভুক্ত পাখিকে খাবার দেন, আবার কখনো গাছে গাছে পাখির জন্য বাসা বেঁধে দেন। শুধু চুয়াডাঙ্গা শহরেই পাখির জন্য পাঁচ হাজার বাসা বানিয়ে দিয়েছেন। আবার পাখি শিকার ঠেকাতে নিজ এলাকায় মাগুরার নানা বিলে প্রচার–প্রচারণাও চালান। এ সবকিছুই তিনি করেন পাখির প্রতি ভালোবাসা থেকে। নিজের পকেটের টাকা খরচ করে নিঃস্বার্থভাবে কাজটি করে চলেছেন তিনি।

মৃত্যুঞ্জয়ের বাড়ি মাগুরা সদর উপজেলার চেঙ্গারডাঙ্গা গ্রামে। সেখানে পাখি শিকার

বন্ধে গড়ে তুলেছেন ‘বিহঙ্গ বিলাস’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে তিনি কুষ্টিয়া ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসেবে কর্মরত। সেখানে বাসার সামনে রোজ পাখিদের খাবার দেন। চুয়াডাঙ্গায় কর্মরত থাকার সময় পাখির জন্য বাসা বেঁধে দিয়েছিলেন।

জানতে চাইলে চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন পানকৌড়ির প্রতিষ্ঠাতা মো. বকতিয়ার হামিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা দায়িত্বের বাইরে এসেও এমন উদ্যোগ নিয়েছেন, এটা অবশ্যই ভালো। মাটির হাঁড়ি ও বাঁশের তৈরি ঘরে অনেক দেশি পাখি বাসা বাঁধে। এতে জনসচেতনতা সৃষ্টি হয়। তিনি একটা ভালো দৃষ্টান্ত তৈরি করেছেন।’

পাখি শিকার বন্ধে প্রচারণা

সম্প্রতি মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া এলাকায় দেখা হয় মৃত্যুঞ্জয়ের সঙ্গে। তখন কুচিয়ামোড়া সেতু বুরাইল বিলের মাঝ দিয়ে বরইচারা গ্রামে যাওয়ার পথে সাইকেলে চড়ে মাইকে পাখি শিকারবিরোধী প্রচারণা চালাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন বিহঙ্গ বিলাসের কয়েকজন সদস্য। মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া এবং শালিখা উপজেলার আড়পাড়া ও বুনাগাতী ইউনিয়নের প্রায় ১০টি গ্রাম ঘেঁষে বুরাইল বিলের বিস্তৃতি। ফটকি নদীঘেঁষা বুরাইল বিলে বর্ষা মৌসুমে শামুকখোল, পাতিসরাইল, পানকৌড়ি, কালেম, বক, ডাহুকসহ বিভিন্ন প্রজাতির পাখির ঝাঁক আসে। এ সময় শিকারিরাও আসেন পাখি শিকারে। বিহঙ্গ বিলাসের সদস্যরা চাইছেন এটা বন্ধ হোক।

এ ছাড়া বুরাইল বিল এলাকাকে পাখির অভয়ারণ্য ঘোষণার দাবিতে জেলা প্রশাসক ও বন বিভাগে আবেদন করেছে সংগঠনটি।

মৃত্যুঞ্জয় জানান, ২০১৪ সালে বন্ধুদের একত্র করতে একটি সংগঠন করেন। পরে সেটির নাম দেন বিহঙ্গ বিলাস।

পাখিদের খাবার দেন মৃত্যুঞ্জয়

মৃত্যুঞ্জয়ের পাখির প্রতি ভালোবাসা আগে থেকেই। ২০২০ সালে করোনা সংক্রমণের শুরুর দিকে মৃত্যুঞ্জয় তখন চুয়াডাঙ্গা ট্র্যাফিক বিভাগে কর্মরত। বিধিনিষেধে দোকানপাট, হোটেল–রেস্তোরাঁ প্রায় সবই বন্ধ। পাখিদের অস্বাভাবিক ডাকাডাকিতে তাঁর উপলব্ধি হয় ওদের হয়তো খিদে পেয়েছে। ২০২০ সালের এপ্রিল থেকে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে সকাল–বিকেল পাখিদের খাবার দেওয়া শুরু করেন মৃত্যুঞ্জয়। চানাচুর, বিস্কুট ও কেকের গুঁড়া, পাউরুটি ছিটানোর সঙ্গে সঙ্গে পাখিরা দল বেঁধে আসতে শুরু করে। এভাবে কাজের ফাঁকে দিনে দুবার নিয়মিতভাবে পাখির খাবার দিতে থাকেন তিনি। ২০২১ সালে মৃত্যুঞ্জয় চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়ায় বদলি হয়ে যান। সেখানে গিয়েও পাখিদের খাবার দেওয়ার কাজ অব্যাহত রাখেন।

পাখির জন্য ৫ হাজার বাসা

২০২০ সালের ডিসেম্বরে চুয়াডাঙ্গায় থাকার সময় পাখির বাসা তৈরি করে দেওয়ার উদ্যোগ নেন মৃত্যুঞ্জয়। সে সময় পুলিশ সুপারের আর্থিক সহযোগিতায় মাটির হাঁড়ি ও পাহাড়ি বাঁশের তৈরি প্রায় পাঁচ হাজার পাখির বাসা বানিয়ে দেওয়া হয় চুয়াডাঙ্গা জেলা পুলিশের ৩৯টি স্থাপনায়।

জানতে চাইলে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ উদ্যোগ অনেক প্রশংসিত হয়েছিল। পুলিশ যে শুধু আসামি ধরা নিয়েই ব্যস্ত থাকে না, পরিবেশের দিকেও যে তাদের নজর থাকে, এটা তারই একটা দৃষ্টান্ত।’