চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে এসে দুর্বৃত্তের গুলিতে হাসান রাজু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে রেশমি আক্তার (১২) নামে এক শিশু। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে রৌফাবাদ এলাকার বাঁশবাড়িয়া বিহারির কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত রাজুর বাড়ি রাউজান উপজেলার কদলপুর এলাকায়।
রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রৌফাবাদ বাঁশবাড়িয়া বিহারি কলোনিতে বাসার সামনে ছোপ ছোপ রক্তের দাগ। আশপাশে উৎসুক মানুষের ভিড়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ–ছয়জন যুবক মুখে মাস্ক পরে এসে রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলিতে আহত হয় পাশেই থাকা রেশমি আক্তার নামে এক শিশু।
নিহত রাজুর বোন রুমা আক্তার প্রথম আলোকে বলেন, তাঁর ভাই পেশায় দিনমজুর। কয়েক দিন আগে তিনি বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। তাঁর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না বলে দাবি করেন তিনি।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৬ এপ্রিল রাউজানের কদলপুর এলাকায় নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত নাসিরের মেয়ে লাভলী আক্তার হাসান রাজুর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। নাসির প্রবাসফেরত ও যুবদলের কর্মী ছিলেন।