
ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাত নারী-শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করেছে। এ অবস্থায় আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর সীমান্তের শূন্যরেখা থেকে ওই নারী-শিশুদের ফিরিয়ে নেয় বিএসএফ।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোর পৌনে পাঁচটার দিকে পশ্চিম সাহেবনগর-দুর্গাপুর গ্রামের সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএএসফ। শূন্যরেখা অতিক্রম করে তাঁরা বাংলাদেশে ঢোকার চেষ্টার সময় বাধা দেয় বিজিবি। একপর্যায়ে ওই নারী-শিশুদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যায় বিএসএফ। বিজিবি জানায়, বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা সাতজনই বাংলাভাষী ভারতীয় নাগরিক।
বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের পক্ষ থেকে এ ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে। ফেনী সীমান্ত দিয়ে কোনোভাবেই অবৈধ পুশ ইনের চেষ্টা সফল হবে না। সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।