দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ

কুয়াশা পড়লেই চলে ঝুঁকি নিয়ে ট্রলারে যাত্রী পারাপার

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকলেও একটি চক্র বেশি ভাড়ায় ট্রলারে যাত্রী পারাপার করছে।রোববার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে
ছবি: এম রাশেদুল হক

চলতি মৌসুমে ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে চার দফায় ফেরি চলাচল বন্ধ হয়েছে। কুয়াশা পড়লে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফেরি বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় একটি চক্র বাড়তি ভাড়া নিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ফেরির পন্টুন ব্যবহার করে ইঞ্জিনচালিত ট্রলারে যাত্রী পারাপার করছে বলে অভিযোগ। এতে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১২টি ফেরি চলাচল করছে। বর্তমানে সাতটি রো রো (বড়), চারটি ইউটিলিটি (ছোট) ও একটি কেটাইপ (মাঝারি) ফেরি আছে। যাত্রী ও যানবাহন ওঠানামার জন্য দৌলতদিয়ায় ৪টি ও পাটুরিয়ায় ৪টি ঘাট আছে। বিআইডব্লিউটিসির ফেরি ছাড়া কোনো পরিবহন, নৌযান বা কোনো প্রতিষ্ঠানের পন্টুন ব্যবহারের সুযোগ নেই। গতকাল রোববার সকালেও প্রায় ছয় ঘণ্টা এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় ফেরির পন্টুন ব্যবহার করে ট্রলারে যাত্রী পারাপার করেছে একটি চক্র।

ট্রলারে যাত্রী পারাপারের বিষয়ে ফেরির পন্টুনের দায়িত্বপ্রাপ্ত সারেং হুমায়ুন কবির বলেন, ‘বারণ করলেও তাঁরা কথা শোনেন না। তাঁরা জোর করে পন্টুনের সঙ্গে রশি দিয়ে ট্রলার বেঁধে যাত্রী তোলেন। স্থানীয় হওয়ায় কিছু বললে উল্টো আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন।’

ফরিদপুর থেকে আসা খালেদা আক্তার নামের এক যাত্রী বলেন, ‘আমি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। শনিবার যাওয়ার কথা থাকলেও পারিবারিক কারণে যেতে পারিনি। রোববার সকালে উঠেই দেখি, অনেক কুয়াশা। ঘাটে এসে দেখি, ফেরি বন্ধ। সকালে অফিস ধরতে ট্রলারে পার হচ্ছি।’

ঘাট–সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, ঘন কুয়াশায় ফেরি ও লঞ্চ বন্ধ রাখার সুযোগে ঘাটের সুবিধাভোগী চক্র বাড়তি টাকা নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে যাত্রী ও মোটরসাইকেল পারাপার করছে। চার কিলোমিটার নদীপথ পাড়ি দিতে যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ১০০ টাকা এবং মোটরসাইকেল পারাপারে ৪০০ থেকে ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে। কখনো কখনো এর চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে।

গতকাল সকালে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটের রো রো পন্টুনের সঙ্গে দুটি বড় ইঞ্জিনচালিত ট্রলার বাঁধা দেখা যায়। এ সময় ট্রলার থেকে পাটুরিয়া যাওয়ার ভাড়া ১০০ টাকা হাঁকিয়ে যাত্রীদের ট্রলারে তোলা হয়। মোয়াজ্জেম হোসেন নামের ট্রলারচালক বলেন, ‘ঘাটের কামকাজ বলতে কিচ্ছু নাই। কুয়াশায় ফেরি-লঞ্চ বন্ধ। অনেকে জরুরি কাজে নদী পাড়ি দিতে চায়। আমাদেরও কিছু কামাই হয়, এই আশায় যাত্রী পারাপার করি। ভারী কুয়াশায় মোবাইল ফোনে অ্যাপস দেখে আমরা নদী পাড়ি দিই।’

ঝিনাইদহ থেকে আসা সবুজ শেখ ও হেদায়েত হোসেন নামের দুই মোটরসাইকেল আরোহীর সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, জরুরি কাজে নবীনগর যেতে হবে তাঁদের। কখন ফেরি ছাড়বে, কোনো নিশ্চয়তা নেই। তাই মোটরসাইকেল ভাড়া ৫০০ ও দুজনের ভাড়া ২০০ টাকা হলেও দর-কষাকষি করে ১০০ টাকা দিয়ে মোট ৬০০ টাকায় ট্রলারে ওঠেন।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার বলেন, ফেরির পন্টুন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবহারের সুযোগ নেই। অভিযোগ পেয়েছেন, কুয়াশায় ফেরি বন্ধ থাকলে কিছু ট্রলারচালক পন্টুন ব্যবহার করে যাত্রী তুলছেন। পন্টুনের সারেংদের বলা হয়েছে, যাতে তাঁরা আর পন্টুন ব্যবহার করতে না পারেন। এ বিষয়ে নৌ পুলিশেরও সহযোগিতা চাওয়া হয়েছে।