‘যত বিপদ আমগোর মতন গরিব মানুষের’

গৃহস্থের অপেক্ষায় শ্রমিকেরা। সোমবার সকাল ৭টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়
ছবি: প্রথম আলো

কুয়াশাচ্ছন্ন ফাল্গুনের সকাল। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ‘শ্রমিকের হাটে’ তখন কয়েক শ দিনমজুরের জটলা। জমির মালিক বা গৃহস্থরা দরদাম করে শ্রমিকদের নিতে এ হাটে এসেছেন। বোরো মৌসুমের কাজের জন্য শ্রমিকদের ভিড় এখন বেশি।

শ্রমিকদের কেউ কাজের জন্য গৃহস্থের অপেক্ষায়। কেউ আবার দৈনিক মজুরি নিয়ে দরদামে ব্যস্ত গৃহস্থের সঙ্গে। দরদাম প্রত্যাশিত না হওয়ায় শ্রমিকদের চোখেমুখে হতাশার ছাপ। শ্রমিকেরা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম, সে তুলনায় তাঁদের পারিশ্রমিক বাড়েনি। এ কারণে সংসার ও জীবনজীবিকা নিয়ে তাঁরা উদ্বিগ্ন।

আজ সোমবার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের পাশে মৌসুমি শ্রমিকের হাটে গিয়ে কয়েক শ্রমিকের সঙ্গে কথা হয়। নাটোরের সিংড়া উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের ৫০ বছর বয়সী আবদুল হামিদ বলেন, গ্রামের বাড়িতে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে রেখে ১৩ দিন ধরে মানিকগঞ্জে এসেছেন। এক ছেলে ও এক মেয়ের বিয়ে হওয়ার পর তাঁরা আলাদা সংসার পেতেছেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তাঁর সংসার। এলাকায় কাজ সীমিত, পারিশ্রমিকও কম। এ কারণে মানিকগঞ্জে এসেছেন কৃষিশ্রমিকের কাজে। তবে এখানে এসেও শ্রমের যে মূল্য, তাতে সংসারের ব্যয় মেটানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।

আবদুল হামিদ আরও বলেন, ‘৪০০ থেকে ৪৫০ টাকা মজুরিতও গৃহস্থ কাজে নিতে চায় না। সব জিনিসের দাম বেশি, আমাগো মজুরির দাম নাই। বাজারে যে আগুন লাগছে, সেই আগুনে পুইড়া মরছি।’

হামিদের মতো এ হাটে আসা বেশির ভাগ শ্রমিকের জীবনের গল্পটা প্রায় একই। তাঁদের আক্ষেপও একই রকম, নিত্যপণ্যের দামের তুলনায় তাঁদের শ্রমের দাম বাড়েনি। শ্রমিকেরা জানলেন, দ্রব্যমূল্যের চড়া বাজারে তাঁদের মতো খেটে-খাওয়া মানুষের অনেকটা হাত-পা বেঁধে সাঁতার কাটার মতো অবস্থা।

হামিদের সঙ্গে কথা বলার সময় পাশ থেকে কথা বলতে শুরু করলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রশিদপুর গ্রামে কৃষিশ্রমিক শহীদুল ইসলাম (৪৫)। তাঁর স্ত্রী ও চার মেয়ে। তবে বড় মেয়ের বিয়ের পর স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তাঁর সংসার চলছে কোনোমতে। দ্বিতীয় মেয়ে অষ্টম, তৃতীয় মেয়ে পঞ্চম ও সবার ছোট মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়ছে। কৃষিশ্রমিকের কাজের আয়ে সংসার চালানো ও মেয়েদের পড়াশোনার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে বলে জানান শহীদুল।

শ্রমিকের হাটে কাজের অপেক্ষায় কৃষিশ্রমিকেরা। সোমবার সকাল ৭টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়

১০ দিন ধরে বগুড়া সদর উপজেলার তেলিহারা গ্রামের আবদুল বারী (৫৫) মানিকগঞ্জে এসেছেন। এরই মধ্যে আট দিন কাজের সুযোগ পেয়েছেন। বাকি তিন দিন কাজ জোটেনি। আবদুল বারী বলেন, ‘এমনিতেই আমাগো শ্রমের দাম কম। তার মধ্যি কোনো কোনো দিন কাজ পাই না। কী আর করি বাপু, যত বিপদ আমগোর মতন গরিব মানুষের।’

ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত জমে শ্রমিকের হাটটি। তবে সময় যত বাড়তে থাকে, শ্রমিকের সংখ্যা ততই কমতে থাকে। গাইবান্ধা, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, পঞ্চগড় ও রংপুরের শ্রমিকেরা এখানে আসেন কৃষিকাজের সন্ধানে। তবে এখানে মানিকগঞ্জের হরিরামপুর ও দৌলতপুর উপজেলার চরাঞ্চলের দু-একজন শ্রমিককেও পাওয়া যায়। অন্য জেলা থেকে যাঁরা আসেন, তাঁরা বেশি দিনের জন্য কাজে চুক্তিবদ্ধ হন। বর্তমানে এখানে একজন শ্রমিক প্রতিদিন ৪০০ থেকে ৪৫০ টাকা মজুরি পান।