মেঘনায় নৌকার ওপরে লঞ্চ ওঠে কিশোরের মৃত্যু, নিখোঁজ ২

লাশ
প্রতীকী ছবি

চাঁদপুর উপজেলার মেঘনা নদীতে জেলেদের নৌকার ওপরে একটি লঞ্চ ওঠে এক কিশোর জেলের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ হয়েছেন অপর দুই জেলে। রোববার গভীর রাতে উপজেলার হরিণা এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া কিশোরের নাম আবদুল জলিল (১৫)। নিখোঁজ দুজন হলেন মো. রিয়াদ (১৭) ও মো. মোক্তার (১৮)। তাঁরা সবাই উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ঈদগাহ বাজারের বাসিন্দা।

চাঁদপুর হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, রোববার গভীর রাতে উপজেলার হরিণা এলাকায় চার জেলে নদীতে জাল ফেলে ঘুমিয়ে ছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা ঘন কুয়াশার মধ্যে বরিশালগামী এমভি কর্ণফুলী-৩ লঞ্চটি ওই নৌকার ওপরে উঠে যায়। এতে সবাই নদীতে তলিয়ে গেলেও মো. ফারুক (২০) নামের এক জেলে জীবিত উদ্ধার হন। বাকি তিনজনের মধ্যে আবদুল জলিলের লাশ ভেসে ওঠে। অপর দুই জেলের সোমবার সন্ধ্যা পর্যন্ত খোঁজ মেলেনি।

এ ঘটনায় এখন পর্যন্ত লঞ্চ–সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়েছেন বলে জানান ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাশেম খান।

চাঁদপুর নৌ পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, এ বিষয়ে একটি মামলা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।