
পাবনার সুজানগরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলমকে (৬৩) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর ছেলে জুবায়ের হোসেন বাদী হয়ে ২৪ জনকে আসামি করে মামলা করেছেন। এদিকে মামলার পরই পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের জিয়ালগাড়ী ভবানীপুর গ্রামের আশরাফ আলী (৪৭), আকরাম হোসেন (৪৫), আনোয়ার হোসেন (৪০), নাজমুল হোসেন (৪২) ও সাঁথিয়া উপজেলার ভৈরবপুর গ্রামের মনিরুল ইসলাম (৩৮)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের অধিক জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল বুধবার রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, ঘটনার পরই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়। পরে মামলায় তাঁদের নাম উঠে আসে। এরপরই পুলিশ আসামিদের ধরতে অভিযান শুরু করে। দিনব্যাপী অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
প্রসঙ্গত, জাহাঙ্গীর আলমের বাড়ি উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামে। তিনি পুলিশের চাকরি থেকে অবসর গ্রহণের পর গ্রামেই বসবাস করছিলেন। গ্রামে মাদক, চাঁদাবাজি ও জুয়ার বিরুদ্ধে তিনি বিভিন্ন সময় প্রতিবাদ করতেন। এর জের ধরে স্থানীয় কিছু লোকজন তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জাহাঙ্গীর আলম তাঁর ভাই আবদুল মাতিনকে নিয়ে বাড়ির পাশে রেললাইনে বসে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়ে দুই ভাইকে এলোপাতাড়ি কোপাতে থাকে। বিষয়টি দেখে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়।