চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও কেরানীহাট-বান্দরবান সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার ভোর থেকে দুই মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী, লোকাল ও মিনিবাস, পিকআপ ভ্যান, ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। তবে পানি পুরোপুরি নেমে গেলেও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কিছু স্থানে সড়কের পিচ ঢালাই উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মহাসড়কে যানবাহনের সংখ্যা ছিল সীমিত। আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী বাস হানিফ পরিবহনের চালক হুমায়ুন কবিরের সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, বন্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ ও সাতকানিয়ার কয়েকটি স্থান পানিতে তলিয়ে গিয়েছিল। তখন গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সড়ক থেকে পানি সরে গিয়ে গতকাল থেকে গাড়ি চলাচল শুরু হয়। তবে খানাখন্দের সৃষ্টি হওয়ায় দেখে-শুনে গাড়ি চালাতে হচ্ছে।
কেরানীহাট-বান্দরবান সড়কের যাত্রীবাহী বাস কাউন্টারের লাইনম্যান আবুল বশর বলেন, গতকাল চট্টগ্রাম থেকে বান্দরবান ও বান্দরবান থেকে চট্টগ্রামের দিকে কয়েকটি বাস চলাচল করেছে। তবে কেরানীহাট থেকে কোনো বাস বান্দরবানের দিকে ছেড়ে যায়নি। আজ সকাল থেকে কেরানীহাট-বান্দরবানের যাত্রীবাহী বাস স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে।
কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনজুর আলম বলেন, বাসে চট্টগ্রাম থেকে কক্সবাজার ও বান্দরবান যেতে কেরানীহাট হয়েই যেতে হয়। দুই সড়কই বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল। সড়ক থেকে বন্যার পানি সরে যাওয়ায় আজ ভোর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।