মারা যাওয়া ইমাদ, লাবিব ও জিসান
মারা যাওয়া ইমাদ, লাবিব ও জিসান

খেলতে খেলতে পানিভর্তি গর্তে ডুবে একসঙ্গে ৩ শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় খেলার সময় পানিভর্তি গর্তে পড়ে দুই চাচাতো ভাইসহ তিন শিশু মারা গেছে। আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তিন শিশু হলো ফটিগুলি গ্রামের বাসিন্দা আশিক আলীর ছেলে আতাউর রহমান ওরফে ইমাদ (৮), আশিকের ভাই সায়েব আলীর ছেলে লাবিউর রহমান ওরফে লাবিব (৭) ও পার্শ্ববর্তী দীঘলকান্দি গ্রামের বাসিন্দা সৌদি আরবপ্রবাসী সিপার আহমদের ছেলে জিসান আহমদ (১৩)। জিসান আশিক আলীর বড় মেয়ের ছেলে। বাবা বিদেশে থাকায় সে নানাবাড়ি থেকে লেখাপড়া করত।

জিসান দীঘলকান্দি আল ইসলামিয়া মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণি, লাবিউর ফটিগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও আতাউর ফটিগুলি রহমতাবাদ ইসলামিয়া মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, লাবিউরদের বাড়ির পাশে একটি জমি থেকে ওই জমির মালিক মাটি কেটে নেন। এতে সেখানে সাত থেকে আট ফুট গর্তের সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে ভারী বৃষ্টি হয়। এতে উজানের পাহাড়ি ঢল নেমে গর্তটি পানিতে ভরে যায়। আজ বেলা দুইটার দিকে কয়েকজন শিশু গর্তের পাশে জমিতে একটি প্লাস্টিকের বোতল নিয়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে বোতলটি গর্তে পড়ে যায়। এটি তুলে আনতে একেক করে আতাউর, লাবিউর ও জিসান গর্তে নামে। বেশ কিছু সময় ধরে তারা না ওঠায় অন্য শিশুরা চিন্তিত হয়ে পড়ে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে যান। পরে গর্তে নেমে তিনজনের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ মুঠোফোনে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। তিন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, গর্তে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।