চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ উপনির্বাচন

বিএনপির সমর্থকদের কেন্দ্রে না যাওয়ার জন্য ‘অনুরোধ’ আ.লীগ প্রার্থীর

বিএনপির সমর্থকসহ সাধারণ ভোটারদেরও ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী মোহাম্মদ আলী
ছবি: প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতের সমর্থকেরা সবাই ভোট দিতে গেলে নৌকার প্রার্থীর পরাজয়ের আশঙ্কা করছেন আওয়ামী লীগের নেতারা। এই নির্বাচনে বিএনপির দলীয় অংশগ্রহণ নেই। তাই বিএনপি-জামায়াতের লোকজনকে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য অনুরোধ করছেন আওয়ামী লীগের নেতারা।

এদিকে শুধু অনুরোধ করেই চুপ থাকবে না আওয়ামী লীগ, বরং বিএনপি-জামায়াতের সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার জন্য তৎপরতা চালানো হবে বলে দাবি করছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক ওরফে লিটন।

আজ মঙ্গলবার সকালে রহনপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ আলী সরকার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুধু বিএনপির সমর্থক নন, যাঁরা সাধারণ ভোটার আছেন, তাঁদেরও ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য আওয়ামী লীগের লোকজন নানাভাবে হুমকি দিচ্ছেন। এ ছাড়া তাঁর নির্বাচনী প্রচারণায়ও বাধা দেওয়া হচ্ছে।

অভিযোগের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, ‘তাঁরা (বিএনপি-জামায়াত) ভোট দিতে গেলে নৌকার বিপরীতেই বেশি দিবে, এতে নৌকার ক্ষতি হবে। তবে ভোটকেন্দ্রে যেতে আমরা তাঁদের বাধা দেব না। কিন্তু আমরা তাঁদের অনুরোধ করছি, ভোট দিতে না যাওয়ার জন্য। বলছি, যেহেতু আপনাদের দল (বিএনপি-জামায়াত) ভোট বর্জন করেছে, সেহেতু আপনারাও ভোট বর্জন করুন। আমরা ভোটে জেতার জন্য এ কৌশল করতেই পারি। জোরাজুরি না করলেই হলো।’

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের দলের লোকজন বিএনপি-জামায়াতকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেবে না। একটি ভালো ভোটের প্রত্যাশা করি আমরা। কিন্তু গ্রামাঞ্চলে হয়তো সাধারণ মানুষই তাঁদের বাধা দিতে পারে। কেননা, তাঁরা ভোট বর্জন করেছেন, তাহলে আবার ভোট দিতে কেন যাবেন?’

এ আসনের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক আজ সকালে অভিযোগ করেন, ‘গতকাল (সোমবার) রাতেই ঝিলিম ইউপির কালুপুরে একটি কেন্দ্রের সামনে থেকে আমাদের পোস্টার-ব্যানার নামিয়ে দেওয়া হয়েছে। এর বেশি কিছু হয়নি। এখন পর্যন্ত পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে পরিস্থিতি বদলাতে কতক্ষণ। আমার প্রধান নির্বাচনী কার্যালয়সহ ১৫টি নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এর মধ্যে যাঁরা নৌকার ভোটার নন, তাঁদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার গুঞ্জন উঠেছে।’

এর আগে নির্বাচনী সভা থেকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা এবং গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ ও সম্পাদক গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন বিএনপির লোকজনকে প্রতিহত করার আহ্বান জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খান বলেন, ভোটের দিন শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার জন্য বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। এ ছাড়া সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ১৮ জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ১৫ জন ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের দুই আসনের উপনির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।