‘হাওয়া’র পরিচালকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি

‘হাওয়া’ চলচ্চিত্রের পরিচালকের মামলা প্রত্যাহার ও ‘শনিবার বিকেল’ চলচ্চিত্র মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। শনিবার বিকেলে নগরের আলুপট্টি মোড়ে
ছবি: প্রথম আলো

আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’র পরিচালক মেজবাউর রহমান ওরফে সুমনের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার ও মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন চলচ্চিত্রকর্মীরা।

আজ শনিবার বিকেলে রাজশাহী নগরের আলুপট্টি মোড়ে এ কর্মসূচি পালন করে রাজশাহী ফিল্ম সোসাইটি ও চিলড্রেনস ফিল্ম সোসাইটি।

রাজশাহী চিলড্রেনস ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক আননাব কবীরের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীর লিটন, রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সরকার, রাজশাহী ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক জাবিদ অপু, রাজশাহী বিভাগীয় সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১–এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান প্রমুখ। এ সময় বক্তব্যের ফাঁকে ফাঁকে গান পরিবেশন করে রাজশাহী খেলাঘর আসর।

চলচ্চিত্রশিল্পকে একটি গোষ্ঠী আটকে দিতে চায় উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে সংস্কৃতিকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সরকার।

তিনি বলেন, ‘হাওয়া’ চলচ্চিত্রের পরিচালকের বিরুদ্ধে মামলা দিয়েছে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। সেখানে তাঁরা অভিযোগ তুলেছে, এ চলচ্চিত্রে একটি শালিককে খাঁচায় আটকে রাখার দৃশ্য দেখানোয় বন্য প্রাণী আইন লঙ্ঘিত হয়েছে। এ মামলা এ দেশের চলচ্চিত্রসংশ্লিষ্ট সবাইকে কষ্ট দিয়েছে। যাঁরা এ মামলা করেছেন, তাঁরা দেশের শিল্পসংস্কৃতির বিকাশের বিপক্ষে কাজ করছেন।

বিনা কারণে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’–এর মুক্তি আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১–এর রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। তিনি বলেন, আজ পর্যন্ত জানা গেল না, ঠিক কী কারণে চলচ্চিত্রটি দেখা থেকে দর্শকদের বঞ্চিত রাখা হয়েছে। রাজশাহীর চলচ্চিত্রকর্মীরা খুব দ্রুত ‘হাওয়া’ চলচ্চিত্রের বিরুদ্ধে করা মামলার প্রত্যাহার চান এবং ‘শনিবার বিকেল’–এর মুক্তি চান।

ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বলেন, চলচ্চিত্র যাতে এগোতে না পারে, সেই চেষ্টা করছেন কিছু ব্যক্তি। তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে।

প্রচলিত আইন সংস্কার করার দাবি জানিয়েছেন রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীর। তিনি বলেন, নির্মাতারা অবশ্যই রাষ্ট্রের আইন মেনে চলচ্চিত্র নির্মাণ করেন। সেটা তাঁদের মাথায় আছে। সুতরাং চলচ্চিত্র নির্মাণ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। নির্মাতাকে তাঁর মতো করে চলচ্চিত্র নির্মাণ করতে দিতে হবে।