নারায়ণগঞ্জ–৪ আসনের কমর আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিন
নারায়ণগঞ্জ–৪ আসনের কমর আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিন

নারায়ণগঞ্জের ৫ আসনের ৪টিতে বিএনপি, ১টিতে এনসিপির প্রার্থীর জয়

নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে বিএনপি মনোনীত প্রার্থী এবং একটিতে ১১–দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির ফলাফল ঘোষণা করেন। ভোর পাঁচটার দিকে এই ফলাফল ঘোষণা শেষ হয়।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)

রূপগঞ্জ আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু) ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট। এ আসনে ভোটের হার ছিল ৬৩ দশমিক ৯৬ শতাংশ। মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। এবারই তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার)

আড়াইহাজার আসনে বিএনপির নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৫ হাজার ৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ইলিয়াস মোল্লা পেয়েছেন ৮২ হাজার ৯৮৭ ভোট। এ আসনে ভোটের হার ছিল ৬৫ শতাংশ। নজরুল ইসলাম আজাদ বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক। তিনিও প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ)

এই আসনে বিএনপির আজহারুল ইসলাম (মান্নান) ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় জোটের জামায়াতে ইসলামীর ইকবাল হোসাইন ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট। এখানে ভোটের হার ছিল ৫৭ দশমিক ৪১ শতাংশ। আজহারুল ইসলাম মান্নান বিএনপির নির্বাহী কমিটির সদস্য। এবারই তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলেন।

নারায়ণগঞ্জ-৪ (নারায়ণগঞ্জ সদর উপজেলার একাংশ)

এ আসনে ১১–দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আবদুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি নেতৃত্বাধীন শরিক দলের প্রার্থী মনির হোসেন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট। আবদুল্লাহ আল আমিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব। এবারই তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলেন।

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর)

এ আসনে বিএনপির আবুল কালাম ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৬ ভোট। ভোটের হার ছিল ৫৬ দশমিক ৫১ শতাংশ। আবুল কালাম এ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, সেনাবাহিনীর মেজর আয়াজ ও মেজর রাফসান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং নির্বাচন কর্মকর্তা রকিবুজ্জামান।