
চট্টগ্রাম নগরে সানজু আক্তার নামের এক নারীকে গলা কেটে খুন করার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদ জাবেদ। আজ বুধবার সকালে নগরের বন্দর থানার ২ নম্বর সাইট আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার দুই ঘণ্টার মধ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জাবেদকে গ্রেপ্তার করে।
এসআরবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রেপ্তার মোহাম্মদ জাবেদ অনলাইন জুয়ায় আসক্ত। এ নিয়ে স্ত্রী সানজু আক্তারের সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। আজ সকালেও এ নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে গলায় ছুরি দিয়ে আঘাত করে খুন করেন জাবেদ।
বন্দর থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম প্রথম আলোকে বলেন, চিৎকার শুনে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় গৃহবধূ সানজুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত জাবেদ পালিয়ে যান। পরে এসআরবির একটি দল তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ঘটনার পর এসআরবি অভিযুক্ত জাবেদের অবস্থান শনাক্ত করে দুপুর ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, অনলাইনে জুয়া খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে তাঁকে খুন করেন। জাবেদ পেশায় গ্রিলমিস্ত্রি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের বসতঘরের সামনে একটি কাঁঠালগাছের নিচ থেকে উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছুরি। আসামি জাবেদকে বন্দর থানায় হস্তান্তর করেছে এসআরবি।