
নেত্রকোনায় বাসায় দেশি অস্ত্র দেখে পুলিশকে ফোন দিয়েছেন বিএনপির এক নেত্রী। গতকাল বুধবার রাত ১০টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকার ওই বাসা থেকে পুলিশ তিনটি রামদা এবং সাইকেলের গিয়ার দিয়ে বানানো তিনটি অস্ত্র উদ্ধার করে।
বিএনপির ওই নেত্রীর নাম আরিফা জেসমিন। তিনি বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি তিনি হাইকোর্টের আইনজীবী এবং নেত্রকোনার ল কলেজের অধ্যক্ষ।
নেত্রকোনা পৌর শহরের প্রধান সড়কের পাশে মোক্তারপাড়া এলাকায় আরিফা জেসমিনের তিনতলা বাসা। বাসার নিচতলা একটি পরিবহন প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া। দ্বিতীয় তলায় আরিফা জেসমিন পরিবার নিয়ে বসবাস করেন।
থানা-পুলিশ ও আরিফা জেসমিনের সঙ্গে কথা বলে জানা, গতকাল দুপুরে বাসার দেখাশোনার দায়িত্বে থাকা শিহাব মিয়া একতলার জানালার কার্নিশে প্লাস্টিকের একটি ব্যাগ দেখতে পান। পরে তিনি ব্যাগটি খুলে দেখেন, তাতে কিছু দেশি অস্ত্র রয়েছে। বিষয়টি মুঠোফোনে আরিফা জেসমিনকে জানান। আরিফা ওই সময় ময়মনসিংহে ছিলেন। বিষয়টি জেনে তিনি রাতে বাসায় এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরিফা জেসমিন বলেন, ‘কে বা কারা এই অস্ত্রগুলো এখানে রেখেছে, তা কিছুই বুঝতে পারছি না। তবে আমার ধারণা, বাসায় ডাকাতি এবং আমাকে ও বাসার অন্যদের হত্যার উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র রেখে প্রস্তুতি নিচ্ছিল কেউ। এ নিয়ে আমি শঙ্কার মধ্যে পড়েছি। পুলিশকে অনুরোধ জানাচ্ছি বিষয়টি তদন্ত করে বের করার জন্য।’
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, ‘বিএনপি নেত্রী আরিফা জেসমিন আমাদের তিনতলা বাসার একতলার কার্নিশে অস্ত্র থাকার কথা জানান। পরে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ছয়টি দেশি অস্ত্র উদ্ধার করি। এর মধ্যে তিনটি রামদা এবং তিনটি সাইকেলের গিয়ার দিয়ে বানানো অস্ত্র রয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।’