
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে ফুলপুর পৌরসভার বালিয়া মোড়সংলগ্ন কাকলি রাইস মিলের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সেনাসদস্যসহ আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিম ও বাসের চালক মো. সাজেদুল ইসলাম (৩২)। রেজাউল করিম সেনাবাহিনীর অষ্টম বেঙ্গল রেজিমেন্টের সদস্য ছিলেন। সাজেদুল ইসলামের বাড়ি শেরপুর সদর উপজেলার কানাশাখোলা গ্রামে।
পুলিশ জানায়, বেলা পৌনে ১১টার দিকে কাকলি রাইস মিলের সামনে সেনাবাহিনীর ময়মনসিংহগামী ট্রাকের সঙ্গে শেরপুরগামী খান ট্রাভেলসের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও সেনাবাহিনীর গাড়ির সামনে অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিমকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসচালক সাজেদুল ইসলামকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় সেনাসদস্যসহ আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীর সদস্যরা ফুলপুর ক্যাম্প থেকে ময়মনসিংহে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, যাত্রীবাহী বাসটি অন্য একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করায় সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর ট্রাকচালক ও বাসচালক নিহত হয়েছেন। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠান।
সংশোধনী
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.আবদুল্লাহ আল মামুন দুর্ঘটনার পর তিনজন নিহত হওয়ার তথ্য জানিয়েছিলেন। তাঁর বক্তব্যের ভিত্তিতে প্রথমে তিনজন নিহতের তথ্য প্রকাশ করা হয়। পরে পুলিশের পক্ষ থেকে দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।